
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাবনার পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দল থেকে মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন। তাঁদের অনেকেই গত পাঁচ বছর জনবিচ্ছিন্ন থাকলেও এখন ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। সভা, সমাবেশ, শুভেচ্ছাবিনিময়, দান-খয়রাত, সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতার কথা।
মনোনয়নপ্রত্যাশীদের অনেকে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে গ্রামগঞ্জ, হাটবাজার, সড়ক-মহাসড়কের পাশে টাঙিয়েছেন শত শত রঙিন পোস্টার, বিলবোর্ড ও ডিজিটাল ব্যানার। দলীয় সমর্থন পেতে কেউ কেউ ছুটছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রচার-প্রচারণার প্রতিযোগিতা।
পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ): পাবনা-১ আসনের দিকেই এবার সবার দৃষ্টি। ১৮ দল থেকে এই আসনে কে মনোনয়ন পাচ্ছেন? গত নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে পরাজিত করে এই আসনে নির্বাচিত হন বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক। আওয়ামী লীগ থেকে এবারও তিনি নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। তবে দলের মধ্যে শামসুল হকের বিপক্ষে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা হিসেবে চিহ্নিত ও আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে ১৮-দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের আমির মতিউর রহমান মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাগারে থাকায় এই আসনে প্রচার-প্রচারণা শুরু করেছেন ১৮-দলীয় জোটের একাধিক প্রার্থী। তাঁদের মধ্যে বিএনপি থেকে সাবেক সাংসদ মঞ্জুর কাদের, সাঁথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও নিজামীর ছেলে নাজিব উল্লাহর নাম শোনা যাচ্ছে।
পাবনা-২ (সুজানগর ও বেড়ার একাংশ): এই আসনে আওয়ামী লীগ থেকে গতবার নির্বাচিত হয়েছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। অসুস্থতার কারণে তিনি এবার প্রার্থী হবেন না বলে শোনা যাচ্ছে। ফলে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল এবং আওয়ামী লীগের সাবেক সাংসদ আহম্মেদ তফিজ উদ্দিনের ছেলে ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদ ফিরোজ কবির।
বিএনপি থেকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন জেলা বিএনপির নেতা ও সাবেক সাংসদ সেলিম রেজা হাবীব, কৃষিবিদ হাসান জাফির তুহিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হালিম ও জেলা যুবদলের সভাপতি আবু ওবায়দা শেখ তুহিন।
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর): এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন। এবার তিনি ছাড়াও প্রার্থী হওয়ার জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের অপর সহসভাপতি আবদুল হামিদ, যুক্তরাষ্ট্রপ্রবাসী আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আ ন ম মেজবাহুর রহমান, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী সামসুদ্দিন খবির এবং ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাকিবিল্লাহ।
এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক সাংসদ ও চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম, শিল্পপতি হাসানুল ইসলাম, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ফখরুল আযম, জেলা বিএনপির সহসভাপতি ও পাবনা বার সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মাসুদ খন্দকার, সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল করিম ও রাজিউল হাসান।
এ ছাড়া জাতীয় পার্টি থেকে এই আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আইনজীবী আবদুস সাত্তার।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া): এই আসনে আওয়ামী লীগ থেকে গতবার নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ। তিনিসহ এবার প্রার্থী তালিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতা পাঞ্জাব আলী বিশ্বাস ও আইনজীবী রবিউল আলম।
বিএনপি থেকে এই আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার, ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন মালিথা, ঈশ্বরদী পৌরসভার মেয়র মোখলেছুর রহমান, ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও শিল্পপতি আকরাম আলী খান।
এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল ও জাতীয় পার্টি থেকে দলের জেলা শাখার সভাপতি হায়দার আলী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
পাবনা-৫ (পাবনা সদর): এই আসনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানকে পরাজিত করে গতবার নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খন্দকার। এবারও তিনি নির্বাচন করতে চান। দল থেকে অন্য যাঁরা মনোনয়ন পাওয়ার চেষ্টায় আছেন, তাঁদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন।
এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে প্রচার-প্রচারণায় আছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান এবং জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী।
আবদুস সুবহান মানবতাবিরোধী অপরাধে কারাগারে থাকায় প্রার্থিতার ঘোষণা দিয়েছেন তাঁর ছেলে নেছার আহম্মেদ ও জেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহিম প্রথম আলোকে বলেন, ‘যাঁরা মনোনয়নের আশায় প্রচার-প্রচারণায় নেমেছেন, তাঁদের অনেকেই দীর্ঘদিন মাঠপর্যায়ে ছিলেন না। অনেককেই দলের সভা-সমাবেশে দেখা যায়নি। দলের নীতিনির্ধারকেরা বুঝে-শুনে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেবেন বলে আশা করি।’
তবে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন নিয়ে ভাবছি না। এর পরও অনেকেই মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছেন। নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হলে তাঁদের মধ্য থেকে কেন্দ্র যাঁদের মনোনয়ন দেবে, আমরা তাঁদের নিয়েই কাজ করব।’