জনমত উপেক্ষা করে ভারতের সঙ্গে চুক্তি না করার আহ্বান
জনমত উপেক্ষা করে ভারতের সঙ্গে কোনো চুক্তি না করার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল মঙ্গলবার পৃথক কর্মসূচি ও বিবৃতিতে সংগঠনগুলো এ দাবি জানায়। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি হলে জনগণ বসে থাকবে না। অবশ্যই তা প্রতিহত করা হবে। তিনি বলেন, কোনো দেশের ওপর নির্ভর করে খালেদা জিয়া ক্ষমতায় আসতে চান না। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাগপার আধিপত্যবাদবিরোধী এ কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভারতের সঙ্গে যেকোনো ধরনের চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়ে এম কে আনোয়ার বলেন, ‘আমাদের সামনে এখন একটি চ্যালেঞ্জ, ট্রানজিটের নামে করিডর দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেব, নাকি দেশের মানুষ এটা রুখে দাঁড়াবে।’ তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী আমাদের কোনো সমস্যা সমাধানের জন্য আসেননি। তিনি করিডরের জন্য এসেছেন। তাঁরা ট্রানজিট চাচ্ছেন না। এই করিডর যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আর দেওয়ার কিছু থাকবে না। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, জাতিকে বুঝতে হবে, মনমোহন সিং বাংলাদেশে নিতে এসেছেন, কিছু দিতে আসেননি। মিডিয়া যে হিসাব-নিকাশ করছে বাংলাদেশ কী কী পাবে, তা জনগণকে বিভ্রান্ত করা মাত্র। তিনি বলেন, মনমোহন দুটি জিনিস নিতে এসেছেন, একটি হলো ট্রানজিটের মোড়কে করিডর। অপরটি হলো, একটি ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা হরণ করা। আগামী ৩০ ঘণ্টার মধ্যে স্বাধীনতা হরণ হয়ে যাবে। কনভেনশনে সভাপতিত্ব করেন শফিউল আলম প্রধান। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান। কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোট ট্রানজিটের নামে ভারতকে করিডর দেওয়ার যেকোনো ‘চক্রান্ত’ প্রতিহত করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয়। পরে একটি মিছিল মধুর ক্যান্টিন থেকে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। সামাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য ‘হাসিনা-মনমোহন তাঁবেদারি চুক্তি’ বাতিলের দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মিছিল করেছে। সংগঠনের নেতারা অভিযোগ করেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভারতের পররাষ্ট্রনীতির অধীনস্ত করার চক্রান্ত চলছে। গণতান্ত্রিক বাম মোর্চা মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে কোনো দেশবিরোধী চুক্তি না করার আহ্বান জানিয়েছে। সংগঠনের নেতারা এক বিবৃতিতে এ দাবি জানান। বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করে ভারতের সঙ্গে চুক্তি না করার আহ্বান জানিয়ে জাতীয় মুক্তি কাউন্সিল যে কর্মসূচি ঘোষণা করেছিল, পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল।