জনমত যাচাই করতে গাড়ি নিয়ে গ্রামে ঘুরছেন এরশাদ
দলের প্রতি মানুষের সমর্থন যাচাই করতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এখন গাড়ি নিয়ে রংপুরের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। পবিত্র ঈদুল আজহা উদ্যাপনে গত রোববার তিনি এ জেলায় আসেন।
গতকাল সোমবার সকাল থেকেই শুরু করেন ছোটাছুটি। দিনভর এ-গ্রাম, ও-গ্রামে যান। মানুষের কাছে জানতে চান, দলের ভোট বেড়েছে না কমেছে।
সাবেক প্রেসিডেন্ট এরশাদ এবার ঈদ করতে চার দিনের সফরে রংপুর এসেছেন। সম্প্রতি প্রথম আলোর উদ্যোগে যে জনমত জরিপ চালানো হয়, এরই মধ্যে তিনি সেটির সমালোচনা করেন। রোববার রাতেই এরশাদ তাঁর নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন।
মতবিনিময়ে তিনি অভিযোগ করেন, ওই জরিপ সঠিক নয়। সামান্য কিছু মানুষের ওপর জরিপ চালিয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। মানুষের ঘরে ঘরে গিয়ে জনপ্রিয়তার জরিপ করতে হয়।
নিজ দলের জনপ্রিয়তা যাচাইয়ে এরশাদ গতকাল রংপুর নগরের সাতগাড়া, দর্শনা, পালিচড়া, রাজেন্দ্রপুর, নজিরেরহাট, লাহিড়িরহাট, সদ্দপুষ্করিণী, নয়ারহাট এলাকায় গাড়ি নিয়ে ঘুরে বেড়ান। ঘুরে বেড়ানোর সময় তিনি বিভিন্ন হাটবাজারে নেমে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
পালিচড়া হাটে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমার নাকি জনপ্রিয়তা কমেছে। তাই ঈদ করতে আপনাদের কাছে ছুটে এসেছি। শেষ বয়সে আবার আপনাদের দ্বারে এসেছি।’ তিনি তাঁর জীবনের শেষ ভোট তাঁকে ও তাঁর দলকে দেওয়ার অনুরোধ জানান।
এদিকে জাতীয় পার্টির প্রধান সকাল ১০টায় সদ্দপুষ্করিণী ইউনিয়নের নয়ারহাটে তাঁর মায়ের নামে স্থাপিত নয়ারহাট মজিদা খাতুন মহিলা কলেজের এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নতুন পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরশাদের সফরসঙ্গী হিসেবে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মসিউর রহমান।