জনমত যাচাইয়ে যশোরে প্রতীকী গণভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে জনমত যাচাইয়ে যশোরে প্রতীকী গণভোট গ্রহণ করা হচ্ছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে শহরের জজকোর্ট মোড়ে ৬ জানুয়ারি থেকে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ ভোট গ্রহণ চলছে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

গতকাল সোমবার শহরের জজকোর্ট মোড়ে গণভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। ব্যালটে টিক চিহ্ন দিয়ে ভোটাররা নিজ নিজ মতামত জানাচ্ছেন। ভোট দিতে আসা মনিরামপুরের পলাশী এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, ‘সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এর অদূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। সুন্দরবনের ক্ষতি মানেই আমাদের ক্ষতি। তাই বিকল্প স্থানে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হোক।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল বিশ্বাস প্রথম আলোকে বলেন, দক্ষিণাঞ্চলের কত শতাংশ মানুষ সুন্দরবন-সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে তা যাচাইয়ের জন্য গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। গত চার দিনে অন্তত চার হাজার মানুষ গণভোটে অংশ নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন খান ১৯ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ গণভোটের রায় ঘোষণা করবেন।