জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ, গ্রামীণ ব্যাংক বিল পাস
কেন্দ্রীয় ব্যাংকের কাছে আর্থিক হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক বিল ২০১৩ আজ মঙ্গলবার সংসদে পাস হয়েছে। বিলে অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর কথা বলা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। রাষ্ট্রপতির সইয়ের পর বিলটি আইনে পরিণত হবে। সেক্ষেত্রে ১৯৮৩ সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ রহিত হয়ে যাবে।
মহাজোট ও জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক বিলটির ব্যাপারে জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব দিলে তা কণ্ঠভোটে নাকচ হয়। তবে তার আগে অর্থমন্ত্রী ও সাংসদ মুজিবুল হকের পাল্টাপাল্টি বক্তব্যে কিছুক্ষণের জন্য সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে।
মুজিবুল হক বলেন, নির্বাচনের আগে এই বিলটি পাস হলে তা নিয়ে প্রশ্ন উঠবে। যেহেতু বিলটি নিয়ে দেশে-বিদেশে সমালোচনা আছে, সেজন্য বিলটি পাসের ব্যাপারে জনমত যাচাই করা দরকার। তিনি আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংক গ্রাহকদের কাছ থেকে যে সুদ নেয়, সেজন্য আমরা সমালোচনা করি। তবে সেই সুদ মহাজনদের সুদের চেয়ে কম। ড. ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের স্বাধীন ও স্বাবলম্বী করার ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছেন। তা ছাড়া এটি একটি অর্থবিল। তাই এটি পাসের আগে রাষ্ট্রপতির মত নেওয়া দরকার ছিল।’
জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘এটি অর্থবিল। তবে এখানে কর বাড়ানো বা কমানোর কোনো সংশ্লিষ্টতা নেই বিধায় রাষ্ট্রপতির অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। আমরা আমাদের এক্সপার্টদের মত নিয়েছি। তাঁরা বলেছেন, রাষ্ট্রপতির মত নেওয়ার দরকার নেই।’ তিনি আরও বলেন, ‘ড. ইউনূস জ্ঞানী-গুণী মানুষ। তিনি আমাদের দেশের গর্ব। দেশের জন্য নোবেল এনেছেন। তাঁর এই সাফল্যের পেছনে সরকারের উদ্যোগ ছিল। সৌভাগ্যক্রমে আমারও কিছু ভূমিকা ছিল।’
অর্থমন্ত্রী বলেন, দেশে-বিদেশে এই বিলটি নিয়ে যাঁরা কথাবার্তা বলছেন, তাঁরা জানেন না এই বিলে কী আছে। বিলটির বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
সংবিধানের ৮১ ও ৮২ অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিলের সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা থাকলে তা সংসদে উত্থাপনের আগে রাষ্ট্রপতির সম্মতি নিতে হয়।
বিদ্যমান আইনে গ্রামীণ ব্যাংক কেবল সরকারকে আর্থিক প্রতিবেদন দিত। বিলটি আইনে পরিণত হলে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককেও আর্থিক প্রতিবেদন দিতে হবে।
গ্রামীণ ব্যাংকের সূচনা থেকেই এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন ড. মুহাম্মদ ইউনূস। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক ২০১১ সালের মার্চে তাঁকে অব্যাহতি দেয়। এ নিয়ে ইউনূস আদালতে গেলেও আদালত তার বিপক্ষে রায় দেন।
তিনটি বিল পাস
এ ছাড়াও আজ পায়রা বন্দর কর্তৃপক্ষ বিল ২০১৩, ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিল ২০১৩ ও এশিয়ান রিইনস্যুরেন্স করপোরেশন বিল ২০১৩ সংসদে পাস হয়। বিল তিনটি উত্থাপন করেন যথাক্রমে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।