জনমনে আতঙ্ক কাটতে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর তৎপরতায় রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার মানুষের মন থেকে সন্ত্রাসের আতঙ্ক কাটতে শুরু করেছে। পাহাড়ি রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস অব ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গত এপ্রিল থেকে অপহরণসহ সশস্ত্র হামলার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় একাধিক সূত্র জানায়, শান্তি চুক্তির পক্ষের সংগঠন জেএসএস রাজস্থলী বাজারে শাখা কার্যালয় খোলার চেষ্টা করলে শান্তি চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ এর তীব্র বিরোধিতা করে। অভিযোগ রয়েছে, ইউপিডিএফের সশস্ত্র দুষ্কৃতকারীরা গত ১৭ এপ্রিল রাতে রাজস্থলী বাজারে জেএসএসের সদস্য উসানু মারমাকে গুলি করে হত্যা করে। গত ৩ জুন জেএসএসের দুষ্কৃতকারীরা বাজারে ইউপিডিএফের স্বপন তঞ্চাঙ্গ্যাকেও গুলি করে হত্যা করে বলে অভিযোগ আছে। এর আগে ১৩ এপ্রিল ইউপিডিএফ-সমর্থিত দুজনকে অপহরণ করে জেএসএসের সদস্যরা। এসব ঘটনায় রাজস্থলী উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষের মনে আতঙ্ক দেখা দেয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে রাজস্থলী বাজারসহ বিভিন্ন এলাকায় সেনা সদস্যরা টহল জোরদার করেন। তাঁরা দুর্গম পাহাড়ের ঘরে ঘরে গিয়ে খেটে খাওয়া পাহাড়ি-বাঙালি জনসাধারণের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ফলে উপজেলার সাধারণ মানুষের মন থেকে সন্ত্রাসের আতঙ্ক অনেকটা কেটে গেছে। বাজারে ব্যবসা-বাণিজ্যসহ প্রশাসনিক কাজকর্মেও প্রাণ ফিরে এসেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাপ্তাই অঞ্চলের কমান্ডার আতিকুল হক প্রথম আলোকে বলেন, ‘সহিংস ঘটনায় রাজস্থলীর উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়নের স্বার্থে সেনাবাহিনী শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা করছে।’