জনমনে বিরাজ করছে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জামিনে বেরিয়ে আসছেন দুর্ধর্ষ সন্ত্রাসীরা। নির্বাচনের আগ মুহূর্তে দেশের অস্থিতিশীল পরিবেশে সন্ত্রাসীরা বেরিয়ে আসায় জনমনে বিরাজ করছে আতঙ্ক।
গত তিন মাসে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৫২ জন আসামি। এর মধ্যে দুর্ধর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী, খোকন চন্দ্র তাঁতী, রিটু দাশ, নুরুল আলম, টিটন চৌধুরী ও মেজর প্রিয়তোষ মজমুদার রয়েছেন।
জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, মুক্তি পাওয়া সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ, যাতে তাঁরা অপরাধ করার সুযোগ না পান।
এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ বলেন, জামিন পাওয়া প্রত্যেকের আইনগত অধিকার। সন্ত্রাসীদের জামিনের ব্যাপারে রাষ্ট্রপক্ষ বরাবরই বিরোধিতা করে আসছে। এর পরও তাঁরা আইনি ফাঁকফোকরে বেরিয়ে আসছেন। এখানে না পেলে উচ্চ আদালত থেকে জামিন নিচ্ছেন।
নির্বাচনের আগ মুহূর্তে সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আসায় জানমালের শঙ্কা প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম জেলার সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যবহার করতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক হওয়া উচিত।
কারা ও আদালত সূত্রে জানা গেছে, খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি রিটু দাশ গ্রেপ্তারের চার মাসের মাথায় ২ নভেম্বর জামিনে মুক্তি পান।
তিনি র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরীর সহযোগী। নগরের কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় তাঁকে ২০০৭ সালের ২৭ জুন সাত বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
রিটু দীর্ঘদিন পলাতক থাকায় সাজা কার্যকর হয়নি। নগরের সিআরবিতে রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ যুবলীগের দুই পক্ষে গোলাগুলিতে নিহত দুই ব্যক্তির হত্যা মামলায় গত ২৭ জুন কারাগারে আসেন রিটু দাশ।
এর আগে সিআরবিতে দরপত্র নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হেলাল আকবর চৌধুরী ও তাঁর ১২ সহযোগী গত ১৬ আগস্ট মুক্তি পান।
পুলিশ পরিচয়ে প্রতারণা, ডাকাতিসহ চারটি মামলার আসামি তালিকাভুক্ত সন্ত্রাসী প্রিয়তোষ মজমুদার মুক্তি পান ৪ নভেম্বর। তিনি চলতি বছরের ২৯ জানুয়ারি কারাগারে এসেছিলেন।
নগরের হালিশহর থানার একটি ডাকাতি মামলায় ১ নভেম্বর জামিনে মুক্তি পান হামকা গ্রুপের দলনেতা নুরুল আলম।
তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির ১৫টি মামলা রয়েছে। ছিনতাইকারীদের নিয়ে একটি দল গঠন করেন নুরুল আলম। ওই দলের নাম দেন হামকা গ্রুপ। ছিনতাইয়ের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকেন তিনি।
নগরের পাঁচলাইশ, হালিশহর ও বায়েজিদ বোস্তামী থানার সাতটি মামলার আসামি টিটন চৌধুরী জামিনে মুক্তি পান ৮ নভেম্বর।
এ ছাড়া মুক্তি পান সন্ত্রাসী মশিউর রহমান, নুরুল আলম, ডালিম, জানে আলম, জসীম উদ্দিন, সেলিম, খোকন চন্দ্র তাঁতী, নাছির, ফারুক, জয়নাল হাজারী, আবদুল্লাহসহ ৫২ জন ছোট-বড় সন্ত্রাসী।
এদিকে জামিনে মুক্তির অপেক্ষায় আছেন সরোয়ার ম্যাক্সনসহ অনেক সন্ত্রাসী। জামিনের জন্য তাঁরা দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে।
২০১১ সালের জুন মাসে নগরের বায়েজিদ বোস্তামী চালিতাতলী এলাকা থেকে পুলিশ তাঁদের কাছ থেকে একে ৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্র উদ্ধার করে। তাঁদের গুরু মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ভারতের কারাগারে আটক রয়েছেন।