জনমনে ভীতি সৃষ্টিই জঙ্গিদের উদ্দেশ্য: শোলাকিয়ার ইমাম
ইসলামি চিন্তাবিদ ও শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রকৃতিগতভাবে যে সামাজিক প্রতিরোধ রয়েছে তা দুর্বল করার লক্ষ্যে একের পর এক সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। দেশের বৃহত্তম ঈদ জামাত শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর ফরিদউদ্দিন মাসউদ বলেন, ‘তাদের উদ্দেশ্য হচ্ছে-মানুষের মনে ভীতি সৃষ্টির মাধ্যমে উগ্রবাদের বিরুদ্ধে যে সামাজিক প্রতিরোধ রয়েছে তা দুর্বল করা।’
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ স্টেডিয়ামে যান ফরিদউদ্দিন মাসউদ। সেখান নামতেই বিকট শব্দ শুনতে পান তিনি। এ সময় নিরাপত্তা দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সার্কিট হাউসে। নিরাপত্তা বিবেচনায় ফরিদউদ্দিন মাসউদকে ঈদগাহে না যাওয়ার পরামর্শ দেয় পুলিশ প্রশাসন। পরে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকা ফিরে আসেন তিনি। ঈদ জামাতে বিকল্প ইমাম হিসেবে ইমামতি করেন স্থানীয় জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল রউফ বিন শোয়াইব।
ফরিদউদ্দিন মাসউদ ভীত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভীত হলে সেটা জঙ্গিদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। অন্যদিকে, ‘জঙ্গিদের মূলোৎপাটনের জন্য এ মুহূর্তে সামাজিক প্রতিরোধ খুব গুরুত্বপূর্ণ’ বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে একটি সম্মিলিত সামাজিক প্রতিরোধই বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন।’ পাশাপাশি, যে সব তরুণ বেহেশত পাওয়ার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, ‘সম্পূর্ণ ইসলাম বিরোধী’ সেই পথ শিগগির ছেড়ে আসার জন্য তাদের প্রতি তিনি আহ্বান জানান।
ফরিদউদ্দিন মাসউদ বলেন, ‘তোমরা বিভ্রান্ত হয়েছ, এটা ইসলামবিরোধী। স্নেহ ও ভালোবাসা দিয়ে আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা শিগগিরই সহিংসতা ও উগ্রবাদের পথ ছেড়ে দাও এবং স্বাভাবিক সামাজিক জীবনে ফিরে আসো।’
মাওলানা ফরিদউদ্দিন মাসউদ ইসলামি চিন্তাবিদ ও ইমামদের নিয়ে জঙ্গিবিরোধী প্রচারণা চালাচ্ছেন এবং তাঁদের মধ্যে লক্ষাধিক গত মাসে দেওয়া এক সম্মিলিত ফতোয়ায় বলেছেন, ইসলামের নামে পরিচালিত সন্ত্রাসবাদ ‘ইসলাম বিরোধী’।
উল্লেখ্য, ফরিদউদ্দিন মাসউদ কয়েক বছর ধরে দেশের বৃহত্তম শোলাকিয়া ঈদ জামাতে ইমামতি করছেন।