জনযুদ্ধের নামে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের নামে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের হুমকি দেওয়া হয়েছে। জনযুদ্ধের কমান্ডার শিকদার মহিউদ্দিন এবং হাতকাটা বিপ্লব নাম উল্লেখ করে মুঠোফোনে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করা হয়।
গতকাল শনিবার দুপুরে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মো. শহীদুজ্জামান, প্রকৌশলী মো. সাব্বির মোর্শেদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন, উচ্চমান সহকারী আবুল বাশারের মুঠোফোনে ওই হুমকি দেওয়া হয়।
শহীদুজ্জামান বলেন, বেলা ১টা ১৮ মিনিটের সময় ০১৯১০৬৩৫৯২৮ নম্বর থেকে তাঁর মুঠোফেনে একটি কল আসে। ওই কল ধরলে জনযুদ্ধের কমান্ডার পরিচয় দিয়ে শিকদার মহিউদ্দিন তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে চাঁদা দাবি করেন। যে টাকা চাওয়া হবে, সেই পরিমাণ টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন মহিউদ্দিন। এর ১৫ মিনিট পর সাব্বির মোর্শেদ, অরুণ কুমার গাইন ও আবুল বাশারকেও মুঠোফোনে হুমকি দেওয়া হয়। বিষয়টি বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করতে বলা হয়েছে। এ ছাড়া বিষয়টি র্যাবকে অবহিত করা হয়েছে।