জনরায় মেনে নেব: আজমত

জয়-পরাজয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। তবে একটি কথা আছে, ভয়েস অব দ্য পিপল ইজ ভয়েস অব দ্য গড। জনগণের রায় আমি অবনত মস্তকে মেনে নেব।’
আজ শনিবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান। টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডে লিটল ফ্লাওয়ার স্কুলে ভোট দেন তিনি।
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার সকাল আটটা থেকে ভোট নেওয়া শুরু হয়েছে। ভোট দেওয়ার পর সাংবাদিকদের আজমত উল্লা বলেন, ‘উত্সবমুখর পরিবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’
নির্বাচনে ক্ষমতাসীন দল ভোট ডাকাতির পরিকল্পনা করেছে—বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নানের এমন অভিযোগের জবাবে আজমত উল্লা অভিযোগ করেন, ‘এটা ওঁনার (মান্নান) অভ্যাস। তিনি সব সময় নেতিবাচক কথা বলেন।’
আজমত উল্লা আরও অভিযোগ করেন, ‘তাঁর (মান্নান) দুর্নীতির কথা গাজীপুরের জনগণ ঘরে ঘরে জেনে গেছে। এ কারণে উনি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তাঁর এত দুর্নীতি ছিল যে, একানব্বইয়ের পর থেকে জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে।’
জনগণ কেন তাঁকে ভোট দেবে—এমন প্রশ্নের জবাবে আজমত উল্লা বলেন, ‘আমি জনগণকে ভালোবাসি। জনগণও আমাকে ভালোবাসে। এ কারণে তাঁরা আমাকে ভোট দেবে।’
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। আর বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নানের প্রতীক টেলিভিশন।
প্রথমবারের মতো এ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।