জনরায় মেনে নেওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হচ্ছেন নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের নগরপিতা, তা আজই নির্ধারিত হবে। গত কয়েক দিনের প্রচারণায় উজ্জীবিত গাজীপুরের সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি। প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ১৪ দল-সমর্থিত আজমত উল্লা খান এবং ১৮ দল-সমর্থিত এম এ মান্নান বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলেও দুজনই ফলাফল মেনে নেওয়ার অঙ্গীকার করেছেন। গতকাল শুক্রবার বিকেলে আজমত উল্লা খান টঙ্গী পৌরসভা কার্যালয়ের সামনে এবং এম এ মান্নান টঙ্গী থানার দলীয় কার্যালয়ে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। নির্বাচনের ফলাফলের ব্যাপারে আজমত উল্লা বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ফলাফল যা-ই হোক জনগণের রায় আমি মেনে নেব।’ মান্নানের বক্তব্য, ‘নির্বাচন সুষ্ঠু হলে রায় মেনে নেব। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে কারচুপির চেষ্টা হলে জনগণ প্রতিরোধ করবে।’ মান্নান গতকাল বেলা তিনটায় টঙ্গীর চেরাগ আলীতে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলন করে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি পুনর্ব্যক্ত করেন। সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আজমত উল্লার মতামত জানতে চাওয়া হলে বলেন, ‘সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেব।’ আজমত উল্লা অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণা শেষ হলেও ১৮ দল-সমর্থিত প্রার্থী সংবাদ সমেঞ্চলন করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে মান্নান বলেন, ‘প্রার্থী হিসেবে যেকোনো সময় আমি গণমাধ্যমের মুখোমুখি হতে পারি।’ শেষ মুহূর্তে দুই মেয়র প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেন। আজমত উল্লার বক্তব্য, এম এ মান্নান গতকালও গাড়ির বহর নিয়ে মহড়া দিয়েছেন। এসব গাড়িতে ছিল অচেনা মুখ। এসব আচরণবিধির লঙ্ঘন। আর এম এ মান্নানের অভিযোগ, গতকালও পোড়াবাড়ি বাজারে ঘুরেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তবে তাঁরা কারা তিনি তা সুনির্দিষ্ট করে বলেননি। সিটি করপোরেশনের গাছা ইউনিয়নে দুজন দলীয় কর্মী মান্নানের কর্মীদের আক্রমণে আহত হয়েছেন। আজমত উল্লার কর্মীদের হাতে ঘোগড়ায় পাঁচজন কর্মীর আহত হওয়ার অভিযোগ মান্নানের। আজমত উল্লা অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তাঁর পোস্টারের প্রতীকের ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। এ কাজ করেছেন এম এ মান্নানের লোকেরা। তবে মান্নান এসব অভিযোগ অস্বীকার করেন। পুলিশ সুপার মো. আবদুল বাতেন দুই দলের কর্মীদের আহত হওয়ার অভিযোগের বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘কিছু অভিযোগ আমরা পেয়েছি। এসব খতিয়ে দেখছি।’ জাতীয় পার্টির সমর্থন নিয়ে দুই প্রার্থীর মধ্যে বিতণ্ডা শেষেও চলল। হুসেইন মুহমঞ্চদ এরশাদ সমর্থন দেওয়ার পরও জাতীয় পার্টির স্থানীয় নেতারা আপনার সঙ্গে নেই, এমন প্রশ্নের জবাবে আজমত উল্লা বললেন, ‘মান্নান শুরু থেকেই মিথ্যাচার করছেন। জাতীয় পার্টির টঙ্গী থানা ও গাজীপুর পৌর সভাপতি, সাধারণ সম্পাদক শুরু থেকেই আমাদের সঙ্গে কাজ করছেন। জাতীয় পার্টির সব ভোটই আমরা পাব।’ এ বিষয়ে মান্নান বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী স্থানীয় নেতাদের নিয়ে নিজ বাসভবনে সংবাদ সমেঞ্চলন করে আমাকে সমর্থন দিয়েছেন। তাঁদের ভোট আমরাই পাব।’ দুজনই নির্বাচিত হলে কী করবেন সে পরিকল্পনার কথাও বলেছেন। অভিযোগ-পাল্টা অভিযোগে শেষ মুহূর্তটুকু ব্যয় করলেও বিজয়ের বিষয়ে একই ধরনের আশাবাদী দুজনই। মান্নান বললেন, ‘আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ আর আজমতের কথা, নিশ্চিত বিজয় হবে।