জনরোষের আশঙ্কায় বিদ্যুৎ কার্যালয়ে পুলিশি পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে ক্ষুব্ধ গ্রাহকেরা হামলা চালাতে পারে, এই আশঙ্কায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আঞ্চলিক কার্যালয় এবং স্থানীয় উপকেন্দ্রে পুলিশি পাহারা বসানো হয়েছে।
পবিসের আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, কেন্দুয়া উপজেলায় পল্লী বিদ্যুতের প্রায় ৩০ হাজার গ্রাহক রয়েছেন। এ ছাড়া নতুন করে অনেক গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে। এসব গ্রাহককে উপজেলার আটিগ্রাম এলাকায় স্থাপিত ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করার কথা। উপজেলায় আট মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে মাত্র দুই মেগাওয়াট। এতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ছাড়াও প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। ফলে গৃহস্থালির কাজকর্ম থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, কল-কারখানায় উৎপাদন এবং বিদ্যুৎনির্ভর সব ধরনের কাজে স্থবিরতা দেখা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে জনরোষের আশঙ্কায় পবিসের স্থানীয় কর্মকতা ও কর্মচারীরা অপ্রীতিকর ঘটনা এড়াতে পবিসের স্থানীয় কর্তৃপক্ষ পুলিশের কাছে সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে পবিসের কেন্দুয়া আঞ্চলিক কার্যালয় এবং উপজেলার আটিগ্রাম এলাকায় স্থাপিত উপকেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়। পল্লী বিদ্যুতের সাহিতপুর অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা লাইনম্যান মো. জয়েনউদ্দিন বলেন, ‘গতকাল এবং আগের দিন বুধবারও আট মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া গেছে মাত্র দুই মেগাওয়াট। এর জন্য আটিগ্রামে অবস্থিত ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্রের ছয়টি মূল লাইন (ফিডার) ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে।’
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে পবিসের নেত্রকোনা কার্যালয়ের জিএম প্রথম আলোকে বলেন,‘ময়মনসিংহের শম্ভুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাসের চাপ কম থাকায় বিদ্যুতের উৎপাদন কমে গেছে। তা ছাড়া জাতীয় সঞ্চালন লাইনের ‘ক্যাপাসিটি’ না থাকায় আশুগঞ্জ থেকে চাহিদানুযায়ী বিদ্যুৎ আনা সম্ভব হচ্ছে না। এ জন্য এ দুরবস্থার সৃষ্টি হয়েছে।’
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আকন্দ বলেন, পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে গ্রাহকেরা ক্ষুব্ধ। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পল্লী বিদ্যুতের স্থানীয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা সদরের আঞ্চলিক কার্যালয় এবং আটিগ্রামে অবস্থিত উপকেন্দ্রে পুলিশ মোতায়েন করতে হয়েছে।