জনশক্তি আমদানি পুনর্বিবেচনা করতে পারে মালয়েশিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প নিয়ে বাংলাদেশের কাছ থেকে বিরূপ আচরণের আশঙ্কা করছে মালয়েশিয়া। আর তা হলে দেশটি বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির পরিকল্পনাসহ অন্য বিষয়গুলো পুনর্বিবেচনা করতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা।খবরে বলা হয়, দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিল করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্রকল্পে অর্থায়নের জন্য কুয়ালালামপুরকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন। এরপর মালয়েশিয়া ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ওই প্রকল্পে সম্পৃক্ত হয়। তবে মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিশ্বব্যাংকে ফিরিয়ে আনার বিষয়টিকেই সরকার এখন বেশি গুরুত্ব দিচ্ছে, এমন খবর বেরিয়েছে। বিশ্বব্যাংক এরই মধ্যে শর্ত সাপেক্ষে ওই প্রকল্পে ফেরার ঘোষণা দিয়েছে।বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, পদ্মা সেতুর বিষয়ে মালয়েশিয়া যে প্রস্তাব দিয়েছে, তা এখনো আলোচনার জন্য প্রস্তুত নয়। ওই কর্মকর্তা দাবি করেছেন, যদিও গত ১০ এপ্রিল দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, তার পরও কোনো ধরনের শর্ত ছাড়াই চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে উভয় দেশেরই।খবরে আরও বলা হয়, পদ্মা সেতু প্রকল্পই বাংলাদেশে মালয়েশিয়ার স্বার্থসংশ্লিষ্ট একমাত্র স্পর্শকাতর বিষয় নয়। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নিয়ে মালয়েশিয়ার খুলিম টেকনোলোজি পার্ক করপোরেশনের দ্বন্দ্ব রয়েছে। বাংলাদেশে মালয়েশিয়ার কোম্পানিগুলো বৈষম্যের শিকার হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। পদ্মা সেতু চুক্তির সঙ্গে ঘনিষ্ঠ একজন কর্মকর্তা বার্তা সংস্থা বারনামাকে বলেছেন, মালয়েশিয়া বাংলাদেশে, বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পে, গিয়েছিল আরেকটি মুসলিম দেশকে সহায়তা করার সদিচ্ছা নিয়ে। তবে কুয়ালালামপুরের সেই ভালো উদ্দেশ্যকে অবজ্ঞা করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, সর্বশেষ পরিস্থিতির মূল্যায়ন করে বাংলাদেশ থেকে আরও জনশক্তি আমদানির জন্য ঢাকার সঙ্গে আগামী মাসে যে চুক্তি করার এবং বাংলাদেশকে ‘উৎস দেশ’ করার পরিকল্পনা করছে, তা পুনর্বিবেচনাও করতে পারে কুয়ালালামপুর। দ্য মালয় মেইল।