জনশক্তি ও বিনিয়োগ প্রাধান্য পাবে প্রধানমন্ত্রীর দ. কোরিয়া সফরে
বাংলাদেশে বৈদেশিক উন্নয়ন-সহায়তা (ওডিএ) অব্যাহত রাখার পাশাপাশি বিকাশমান বিভিন্ন শিল্পে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়ার সহায়তা চাওয়া হবে। অন্যদিকে, দূরপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিতে দক্ষিণ কোরিয়ার নেতাদের কাছে অনুরোধ করা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো গতকাল সোমবার প্রথম আলোকে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দক্ষিণ কোরিয়া সফরের সময় আনুষ্ঠানিক আলোচনায় এসব বিষয় প্রাধান্য পাবে।কূটনৈতিক সূত্রগুলো জানায়, সিউলের পক্ষ থেকে বাংলাদেশের জ্বালানি খাতে এর আগে বিনিয়োগের যে সিদ্ধান্ত হয়েছিল, সে বিষয়ে সরকারের সর্বশেষ মনোভাব সম্পর্কে জানতে চাওয়া হবে। জ্বালানি কনসোর্টিয়ামের আওতায় বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক ১২৫ মেগাওয়াট উৎপাদন-ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের ব্যাপারে এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় কোনো অগ্রগতি না হওয়ায় সরকারের মনোভাব জানতে গত বছরের দ্বিতীয়ার্ধে ঢাকা ঘুরে যান দক্ষিণ কোরিয়ার এক উপমন্ত্রী। তিন দিনের রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনা ১৬ মে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। গত ১৫ বছরে এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। এই সফর শেষে ১৮ থেকে ২১ মে তাঁর কুয়ালালামপুর সফরের কথা। ষষ্ঠ বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামের আলোচনায় অংশ নিতে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি সফর করবেন। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজি আবদুল রাজাকের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। আলোচনায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ অবারিত করার বিষয়টি প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৮ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুং বাকের সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে জনশক্তি রপ্তানি, ওডিএ, জ্বালানি ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে চারটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ওই চারটি চুক্তির মধ্যে সরকারিভাবে জনশক্তি রপ্তানির বিষয়ে ইপিএস (এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) ও সংস্কৃতি বিনিময়ের চুক্তিগুলো নবায়ন হবে ২০১২ সাল পর্যন্ত। আর বৈদেশিক উন্নয়ন-সহায়তার আওতায় বাংলাদেশকে কোন কোন খাতে সাহায্য করা হবে, সে বিষয়ে সই হবে ওডিএ চুক্তিটি। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে জ্বালানি সহযোগিতা চুক্তিও সই হবে। জানা গেছে, গত বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের জন্য উন্নয়ন-সহায়তার পরিমাণ কমিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু বাংলাদেশের উন্নয়ন-সহায়তার পরিমাণ কমেনি। কয়েক বছর ধরে বাংলাদেশকে বার্ষিক ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া। এ বছরও সাহায্যের পরিমাণ একই থাকছে। এখানে উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ কোরিয়ার উন্নয়ন-সহায়তা পাওয়া দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জ্বালানি ও যোগাযোগ-অবকাঠামো নির্মাণের বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হবে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, জাহাজ নির্মাণ ও সড়ক অবকাঠামো নির্মাণের ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ জানানো হবে। সিউল সফরের সময় দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভার দুই জ্যেষ্ঠ সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের সময় শেখ হাসিনা ইউএন এসকাপের একটি সেমিনারে বক্তৃতা করবেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার চেম্বার আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায়ও যোগ দেবেন। জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন।