জনশক্তি রপ্তানি কমেছে মন্দায় রাজনৈতিক কারণে নয়: মোশাররফ
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অর্থনৈতিক মন্দার কারণে এবং চাহিদা কম থাকায় জনশক্তি রপ্তানি কমেছে। জনশক্তি রপ্তানিতে রাজনৈতিক কোনো প্রভাব নেই।গতকাল বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনির শ্রম ও শিল্পবিষয়কমন্ত্রী মার্ক মাইপাকাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।খন্দকার মোশাররফ বলেন, ‘বাংলাদেশ থেকে বেশির ভাগ লোকই বিদেশে যান বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে। ওইসব প্রতিষ্ঠানে এখন চাহিদা না থাকায় বিদেশে লোক যাওয়া কমে যাচ্ছে। জনশক্তি রপ্তানিতে রাজনৈতিক কোনো প্রভাব নেই।’প্রতিটি দেশেরই লোক নেওয়ার একটি নির্দিষ্ট কোটা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক আগেই এ কোটা পার করে এসেছে। জনশক্তি রপ্তানি বন্ধ—এটা বলা ঠিক হবে না। প্রতিদিনই লোক যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী কয়েক বছরের তুলনায় গত ১৫ মাসে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময়কালে বিশেষ করে, সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব ও কুয়েতে শ্রমিক পাঠানো কার্যত বন্ধ রয়েছে।পাপুয়া নিউ গিনির মন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছেন। দেখতে এসেছেন কীভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া যায়। তাঁরা সাত-আট হাজার শ্রমিক নেবেন। দেশে ফিরে তিনি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।অস্ট্রেলিয়ার নিকটবর্তী প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউ গিনিতে বর্তমানে প্রায় ৫০০ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন বলে মোশাররফ হোসেন জানান। তিনি বলেন, নতুন যেসব শ্রমিক পাঠানো হবে, তাঁদের প্রশিক্ষণের জন্য সে দেশের একটি প্রতিনিধিদল এখানে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।একটি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে লোক যাওয়া কমার পরিপ্রেক্ষিতে মন্ত্রী গতকাল সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।এদিকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, বিদেশে লোক যাওয়া কমলেও প্রবাসীদের পাঠানো আয়ের (রেমিট্যান্স) প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। মার্চ মাসে প্রবাসীরা ৯৪ কোটি ১৩ লাখ ডলার (প্রায় ছয় হাজার ৫২৩ কোটি টাকা) দেশে পাঠিয়েছেন, যা আগের মাস থেকে ১১ কোটি ডলার বেশি।বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, জনশক্তি রপ্তানি কিছুটা কমলেও রেমিট্যান্স বাড়ছে—এটি একটি স্বস্তির ব্যাপার। জনশক্তি রপ্তানি খুব শিগগিরই বাড়ার ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যাশার চেয়ে বেশি লোক যাচ্ছেন। মধ্যপ্রাচ্যে লোক যাওয়া কিছুটা কমলেও লিবিয়াসহ অন্যান্য দেশে লোক পাঠানো বেড়েছে।