জনশক্তি রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিল বায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার থেকে জনশক্তি রপ্তানিসংক্রান্ত সব ধরনের সেবা প্রদান কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)। ফলে কার্যত বায়রা জনশক্তি রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিল।সরকারিভাবে লোক পাঠানোর নামে শ্রমবাজার স্থবির করা হচ্ছে—এমন অভিযোগে বায়রা এ সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর ইস্কাটনে বায়রা কার্যালয়ে গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান সংগঠনের সভাপতি শাহজালাল মজুমদার।তবে প্রবাসীকল্যাণ সচিব বলেছেন, এতে বেশি সমস্যা হবে না।সংবাদ সম্মেলনে বায়রার সভাপতি লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এ শিল্পে কাজ করছি। কিন্তু আজ আমাদের বাদ দিয়ে সরকার যেসব উদ্যোগ নিচ্ছে, তাতে শ্রমবাজার একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা একের পর এক বাজার চালুর উদ্যোগ নিচ্ছি, কিন্তু সরকার জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) নামে সেসব বাজার বাধাগ্রস্ত করছে। এসব কারণে আমরা জনশক্তি রপ্তানি বন্ধসহ সব ধরনের সেবা প্রদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’ এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর বায়রা একই রকম ঘোষণা দিয়েছিল। পরে ওই অবস্থান থেকে সরে আসে এবং সরকারিভাবে লোক পাঠাতে পারলে তারা স্বাগত জানাবে বলে জানায়।সংবাদ সম্মেলনে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী, সহসভাপতি মনসুর আহমেদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ হাবিবুল্লাহসহ অন্য নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।শাহজালাল মজুমদার বলেন, ‘এ পর্যন্ত যারা বিদেশে গেছে, তাদের বেশির ভাগই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছে। কিন্তু সরকার মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে সরকারিভাবে জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে। আমরা এখন পর্যন্ত এর কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। বরং আমরা মনে করছি, এতে জনশক্তি রপ্তানি-প্রক্রিয়া স্থবির হয়ে আছে।’ তিনি অভিযোগ করেন, সরকারের সহযোগিতায় থাইল্যান্ড, কাতার, হংকং, মালয়েশিয়াসহ অনেক দেশের শ্রমবাজার অনুসন্ধার করে নিয়োগকর্তাদের সঙ্গে কথা বলে তাঁরা অনেক কাজ এগিয়ে এনেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ব্যবসায়ীদের পাশ কাটিয়ে সরকার নিজেরাই সব করার উদ্যোগ নিয়েছে। এতে ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন।কবে নাগাদ আবার জনশক্তি রপ্তানির প্রক্রিয়া চালু করা হবে—এমন প্রশ্নের জবাবে বায়রার মহাসচিব বলেন, ‘বেসরকারি খাতের ওপর নির্ভর করে আজ এ খাত এত দূর এসেছে। সরকার যখন বেসরকারি খাতের গুরুত্ব অনুধাবন করবে, আমাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেবে, তখনই আমরা এ সিদ্ধান্ত থেকে সরে আসব।’জি টু জি পদ্ধতিতে লোক পাঠানো নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্ব চলছে। মালয়েশিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর জন্য নিবন্ধন শুরু হলে তা দেশে ব্যাপক প্রশংসিত হয়।সরকার বলেছে, অতিরিক্ত অভিবাসন খরচসহ বায়রার নানা অনিয়মের কারণেই সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্ত। তবে বায়রা বলছে, সরকার যে খরচে লোক পাঠাচ্ছে, সেই প্রক্রিয়ায় তারাও কম খরচে লোক পাঠাতে পারবে। আর যেসব অনিয়মের কথা বলা হচ্ছে, সেগুলোও সরকার নিয়ন্ত্রণের মাধ্যমে দূর করতে পারে।বায়রার সেবা বন্ধের ঘোষণায় জনশক্তি রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কি না, জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বিকেলে প্রথম আলোকে বলেন, ‘যারা বিদেশে যাচ্ছে, তারা বেশির ভাগই নিজেদের চেষ্টায় ভিসা আনছে। বায়রার সদস্যরা কেবল প্রক্রিয়াগত সেবাটা দেয়। সেটা দেওয়া বন্ধ করে দিলেও জনশক্তি রপ্তানিতে কোনো সমস্যা হবে না। বরং এখন সময় ও খরচ দুটোই কম লাগবে।’