মালয়েশিয়ায় আরো ৩০ হাজার শ্রমিক বৈধ হতে পারবে
মালয়েশিয়ায় প্রতারিত আরও প্রায় ৩০ হাজার কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন। এজন্য আগামী ২১ জানুয়ারির মধ্যে তাঁদের মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান স্টপ কেন্দ্রে যেতে হবে। আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘মালয়েশিয়া ২০১১ সালে অবৈধদের বৈধ করার কর্মসূচি নেয়। ২ লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশি বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেন। কিন্তু এর মধ্যে ৩০ হাজার কর্মী দালালদের কারণে প্রতারিত হন। আমাদের যোগাযোগের পর মালয়েশিয়া সরকার তাঁদের বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে।’
মন্ত্রী বলেন, ‘২১ অক্টোবর থেকে আগামী বছরের ২১ জানুয়ারি পর্যন্ত তাঁরা বৈধ হতে পারবেন। এজন্য নিয়োগকর্তাকে আঙুলের ছাপ, কর্মীর মূল পাসপোর্ট ও পুলিশি প্রতিবেদন নিয়ে মালয়েশিয়ার ওয়ান স্টপ সেন্টারে কাগজপত্র জমা দিতে হবে।’
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনশক্তি রপ্তানি খাতের দীর্ঘদিনের নানা অনিয়ম নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন। কিন্তু অতীতের অনিয়ম বন্ধ করে গত পাঁচ বছরে এ খাত অনেকটাই শৃঙ্খলায় ফিরেছে। বিশেষ করে বুধবারই সংসদে অভিবাসী আইন-২০১৩ অনুমোদন হয়েছে। ভবিষ্যতে এই খাত একটা নিয়মের মধ্য দিয়েই চলবে।
মন্ত্রী বলেন, নতুন আইনে প্রতারণার সাজা ও জরিমানা দুটোই অনেক বাড়ানো হয়েছে। দালাল প্রথা যেন বন্ধ হয়, এজন্য নিবন্ধনের মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে কোনো চাহিদাপত্র এলেই নিবন্ধিত তালিকা থেকে লোক পাঠানো হবে।
মালয়েশিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ৩০-৩২ হাজার টাকায় মালয়েশিয়ায় লোক যাচ্ছে। একইভাবে সামনে সৌদিতেও ২০ থেকে ২৫ হাজার টাকায় লোক যাবে।
ইরাক ও লিবিয়ার বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সেখানে এখনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই আমরা সতর্কতার সঙ্গে লোক পাঠাচ্ছি।’