জনশক্তি রপ্তানি খাতে কোনো গাফিলতি সহ্য করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার জনশক্তি রপ্তানি খাতে অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রতারণার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা রেখে নতুন আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, জনশক্তি রপ্তানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে কোনো পর্যায়েই গাফিলতি সহ্য করা হবে না।জনশক্তি, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আহমেদ চৌধুরী।প্রধানমন্ত্রী এ সময় প্রবাসীদের কল্যাণে তাঁর সরকারের নেওয়া কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, চাকরি নিয়ে বিদেশে যাওয়ার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া এবং প্রবাসী কর্মীদের সহায়তা ও বিনিয়োগের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক স্থাপন করা হচ্ছে। প্রবাসীরা যাতে বৈধ উপায়ে দেশে টাকা পাঠাতে পারেন, সে জন্য বিভিন্ন দেশে ব্যাংকের শাখা খোলা হয়েছে। প্রতারণা ও হয়রানি এড়াতে বিদেশগামীদের সব তথ্যসংবলিত স্মার্ট কার্ড চালু করা এবং প্রবাসীদের ভোটার করতে আইন প্রণয়নের উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।বিদেশে দক্ষ কর্মীর বেতন অনেক বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।জনশক্তির নতুন বাজার খুঁজে বের করা, বিভিন্ন দেশে অবস্থানরত অভিবাসীদের বৈধভাবে থাকা নিশ্চিত করা, প্রবাসীদের সমস্যার সমাধান ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য নতুন মিশন খোলার পরিকল্পনার মতো বিভিন্ন সরকারি পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বিশ্বমন্দার মধ্যেও দেশের অর্থনীতিকে সচল রাখায় প্রবাসীদের অবদানের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, গত বছর তাঁরা এক হাজার কোটি মার্কিন ডলারের বেশি দেশে পাঠিয়েছেন, যা এ বছর আরও বাড়বে।প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষিশ্রমিক ব্যবহার করে বিদেশের মাটিতে চাষাবাদ করারও পরিকল্পনা নিয়েছে। তিনি জানান, ইতিমধ্যেই আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে এ ব্যাপারে সরকারের আলোচনা হয়েছে। খুব শিগগির তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।