জনশক্তি রপ্তানি বাড়াতে নতুন ১৬ দেশের তালিকা তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানি বাড়াতে প্রচলিত শ্রমবাজারের বাইরে নতুন ১৬টি দেশের তালিকা করেছে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এ দেশগুলো হলো—জাপান, হংকং, তাইওয়ান, ইতালি, বেলজিয়াম, জার্মানি, স্পেন, রোমানিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও জিম্বাবুয়ে। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কেফায়েত উল্লাহ প্রথম আলোকে জানান, নতুন শ্রমবাজার অনুসন্ধানের জন্য মন্ত্রণালয় ওই দেশগুলোকে পাঁচটি ভাগে ভাগ করেছে। দেশগুলোর পরিস্থিতি দেখতে পাঁচটি দলও গঠন করা হয়েছে। প্রতিটি দলে পাঁচজন করে সদস্য থাকছেন। প্রতি দলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার একজন করে সদস্য থাকবেন। কেফায়েত উল্লাহ জানান, শ্রমবাজার খুঁজতে যে দলগুলো যাবে, তারা ওই দেশগুলোর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এরপর তারা ওই দেশগুলোর কর্মী নিয়োগসংক্রান্ত নীতিমালা পর্যালোচনা ও নীতির আলোকে বাংলাদেশের কর্মী নিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবে। ওই দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গেও আলোচনা করবে প্রতিনিধিদল। জনশক্তি রপ্তানিবিষয়ক টাস্কফোর্সের প্রধান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসাদুল ইসলাম প্রথম আলোকে জানান, ঈদের পরপরই এই দেশগুলোতে ধারাবাহিকভাবে প্রতিনিধিদল গিয়ে সার্বিক অবস্থা জানার চেষ্টা করবে। যে দলগুলো করা হয়েছে তারা নতুন দেশগুলোর শ্রমবাজার অনুসন্ধান, সমস্যা নিরূপণ ও সমস্যা সমাধানের কৌশল নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রতিবেদনও দেবে। নতুন শ্রমবাজারের কথা উল্লেখ করে আসাদুল ইসলাম বলেন, ইউরোপের অনেক দেশেই বাংলাদেশি কর্মীর চাহিদা আছে। বাংলাদেশের কর্মীরা নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করে দেশে ফিরে আসবেন, পালিয়ে কোথাও যাবেন না—এটা যদি প্রমাণ করা যায় তাহলে ইউরোপের অনেক দেশই বাংলাদেশ থেকে লোক নেবে। এ জন্য একটি কর্মপন্থা ঠিক করা দরকার। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজার অনুসন্ধানের জন্য ১৬টি দেশকে পাঁচটি গ্রুপে ভাগ করে পাঁচটি দল গঠন করা হয়েছে। প্রথম গ্রুপে জাপান, হংকং ও তাইওয়ান—এই তিনটি দেশ রাখা হয়েছে। এই দেশগুলোতে যে দলটি যাবে সেটির নেতা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম শামসুন নাহার। সদস্য হিসেবে মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মিজানুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (সিআরএম) নুরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও বায়রার একজন করে প্রতিনিধি থাকবেন। গ্রুপ-২-এর দেশগুলো হলো ইতালি, বেলজিয়াম, জার্মানি ও স্পেন। এই দেশগুলোতে যে দল যাবে, সেটির নেতা বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী। সদস্য হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের উপসচিব শাফায়েত হোসেন ও বিএমইটির পরিচালক (কর্মসংস্থান)। গ্রুপ-৩-এর দুটি দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই দুটি দেশে যাবে মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানের নেতৃত্বাধীন দল। বিএমইটির মহাপরিচালক, মন্ত্রীর একান্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল থাকবেন এই দলে। গ্রুপ-৪-এর দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও জিম্বাবুয়ে। এই দেশগুলোতে যে দল যাবে সেটির নেতৃত্ব দেবেন সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু আবদুল্লাহ। মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবুল কালাম, বিএমইটির একজন পরিচালক এতে সদস্য হিসেবে থাকবেন। গ্রুপ-৫-এর দেশগুলো হলো রোমানিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কর্মসংস্থান) আসাদুল ইসলামের নেতৃত্বে একটি দল এই দেশগুলোতে যাবে। সদস্য হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মনিরুজ্জামান ও বিএমইটির একজন পরিচালক।