প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরে দেশটির সঙ্গে জনশক্তি রপ্তানির বাজার সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণও অগ্রাধিকার পাবে। প্রধানমন্ত্রী তিন দিনের সফরে আজ মঙ্গলবার সকালে কুয়ালালামপুর যাচ্ছেন।
এটি হবে ১৪ বছর পর বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় মালয়েশিয়া সফর।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, ৩ ডিসেম্বর মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকের পর দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, পর্যটনের বিকাশ, সংস্কৃতি বিনিময়, সরকারি কর্মকর্তা, কূটনীতিকদের ভিসা ছাড়া ভ্রমণের বিষয়ে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী ৬৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের নেতৃত্বে ৩১ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়া যাচ্ছেন।
মাহমুদ আলী তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, মালয়েশিয়া বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তর শ্রমবাজার, যেখানে এখন প্রায় চার লাখ ৫০ হাজার বাংলাদেশি অত্যন্ত সুনামের সঙ্গে বিভিন্ন পেশায় কর্মরত আছেন। ২০১৩-১৪ অর্থবছরে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের দিক থেকে শীর্ষ দেশগুলোর মধ্যে মালয়েশিয়া পঞ্চম স্থানে রয়েছে। এ বিবেচনায় মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মক্ষেত্রের প্রসার ও কর্মী নিয়োগের সংখ্যা বৃদ্ধির বিষয়ে এ সফরে বিশেষভাবে জোর দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি জনশক্তি রপ্তানি ও মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন, উচ্চশিক্ষা ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া দুই দেশের বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি বাণিজ্যবৈষম্য কমানোর উপায় সম্পর্কে আলোচনা হবে। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আরও উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো মালয়েশিয়ার বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা এবং বাংলাদেশে বিনিয়োগ সম্পর্কে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রস্তাবগুলো এ আলোচনায় আসবে।
জনশক্তি রপ্তানির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কৃষি খাতে বাংলাদেশের লোকজনের কর্মসংস্থানের জন্য চুক্তি সইয়ের কথা রয়েছে। দুই দেশের মধ্যে সই হওয়া জনশক্তি রপ্তানি-সংক্রান্ত সমঝোতা স্মারক সংশোধন করে একটি প্রটোকল সই হবে।
দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানির লক্ষ্যে ২০১২ সালের নভেম্বরে দুই দেশ ওই সমঝোতা স্মারক সই করে।