জনশক্তি রপ্তানিতে অচলাবস্থার জন্য সরকারকে দায়ী করেছে বায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিতে অচলাবস্থার জন্য সরকারের ভুল নীতি ও কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছে বেসরকারি খাতের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)। এ ছাড়া সরকারিভাবে বিদেশে লোক পাঠানোর বিরোধিতা করেছেন সংগঠনটির নেতারা।গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বায়রার নেতারা বলেন, ২০০৯ সালে আগের বছরের চেয়ে জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে আসে। ২০১০ সালে তা আরও কমেছে। এর একটি বড় কারণ, সৌদি আরব ও মালয়েশিয়ার বাজার একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া। সরকার দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারেনি বলেই এ সমস্যা হয়েছে। সৌদি আরবের বাজারে যখন সমস্যা হয়, তখন বারবার সরকারকে ব্যবস্থা নিতে বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়রার সভাপতি আবুল বাসার বলেন, বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় মাধ্যম জনশক্তি রপ্তানি খাতে এখন চরম অচলাবস্থা বিরাজ করছে। গত তিন বছরে একের পর এক বাজার হাতছাড়া হয়ে গেছে। সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার, লিবিয়াসহ কয়েকটি দেশে জনশক্তি রপ্তানি নেই বললেই চলে। ফলে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত এক হাজার ১০০ ব্যবসায়ী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।বায়রার সভাপতি বলেন, সাধারণ মানুষের কাছে জনশক্তি রপ্তানিকারক মানেই আদম ব্যাপারি। তাঁরা অতি ঘৃণার পাত্র। অথচ এই খাতে এক হাজার ১০০ রপ্তানিকারকের বিনিয়োগের পরিমাণ অন্তত চার হাজার কোটি টাকা। গত অর্থবছরে বৈধভাবে প্রবাসীরা ৭০ হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন, যা জিডিপির প্রায় ১৪ শতাংশ। তৈরি পোশাক খাতের নিট আয়ের তুলনায় এই আয় প্রায় দ্বিগুণ। সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রায় ১৫ গুণ। বিদেশি সাহায্যের প্রায় পাঁচ গুণ। দেশের অভ্যন্তরীণ শিল্প খাতের প্রবৃদ্ধির প্রায় ১০ গুণ এবং বার্ষিক বাজেটের অন্তত ৭০ শতাংশ। কাজেই এই খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নিয়ে তাচ্ছিল্য করার সুযোগ নেই।বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, জনশক্তি রপ্তানি খাতে যখন চরম দুঃসময় চলছে, তখন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনশক্তি রপ্তানি করার বিষয়টি সামনে এসেছে। সরকারের একটি মহলও চাইছে এই প্রক্রিয়া প্রতিষ্ঠিত করতে। কিন্তু বেসরকারি খাতের রপ্তানিকারকদের পাশ কাটিয়ে সরকার জনশক্তি রপ্তানির চেষ্টা করলে তা সফল হবে না। কারণ, তাদের সেই ক্ষমতা নেই।এ প্রসঙ্গে বায়রার সভাপতি বলেন, নীতি নির্ধারণের ভূমিকা থেকে সরে এসে সরকারকে ব্যবসায় জড়িত করার চেষ্টা শ্রমবাজারকে ধ্বংস করবে। আমলাতান্ত্রিক বা অবকাঠামোগত নানা জটিলতার কারণে দীর্ঘসূত্রতায় রপ্তানি প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। দুর্নীতি বাড়বে। লাভবান হবে প্রতিপক্ষ।