জনশক্তি রপ্তানিতে এবারও শীর্ষে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিতে দেশের সব জেলার মধ্যে শীর্ষ অবস্থানে আছে চট্টগ্রাম। গত বছর চট্টগ্রাম থেকে সর্বোচ্চ ৭০ হাজার ৫৭২ কর্মী পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন। তবে ২০১১ সালের তুলনায় গত বছর বিদেশগামী কর্মীর সংখ্যা দুই হাজার ৮৬১ জন কমেছে। ২০১১ এবং ২০১০ সালেও জনশক্তি রপ্তানিতে শীর্ষে ছিল চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘এবার বাংলাদেশ থেকে মোট ছয় লাখ সাত হাজার ৭৯৮ জন পৃথিবীর ৮৫টি দেশে কাজ নিয়ে গেছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলা থেকে গেছেন সর্বোচ্চ ৭০ হাজার ৫৭২ জন। চট্টগ্রাম থেকে বিদেশগামীদের মধ্যে সিংহভাগই গেছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানে।’ চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালে জনশক্তি রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা জেলা। এই জেলা থেকে গত বছর বিদেশে গেছেন ৬৭ হাজার ৪৮৩ জন। তৃতীয় অবস্থানে আছে ব্রাহ্মণবাড়িয়া। এই জেলা থেকে বিদেশ গেছেন ৩০ হাজার ২৬৮ জন কর্মী। সূত্র জানায়, ২০১১ সালে চট্টগ্রাম জেলা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ নিয়ে যান ৭৩ হাজার ৪৩৩ জন। ওই বছর বাংলাদেশ থেকে মোট পাঁচ লাখ ৬৮ হাজার কর্মী বিদেশে গিয়েছিলেন। ২০১০ সালে বাংলাদেশ থেকে বিদেশগামী তিন লাখ ৯০ হাজার কর্মীর মধ্যে চট্টগ্রামের বাসিন্দা ছিলেন প্রায় ৪০ হাজার। চট্টগ্রাম টানা তিন বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষ অবস্থানে থাকলেও চলতি বছর এই ধারা অব্যাহত থাকবে কি না, এ নিয়ে সন্দেহ পোষণ করছেন জনশক্তি রপ্তানিকারকেরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্য ও জাহারা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী নুরুল আমিন বলেন, ‘চট্টগ্রাম থেকে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই জনশক্তি রপ্তানি করা হয়। কিন্তু এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে জনশক্তি রপ্তানি বন্ধ। এই অবস্থা চলতে থাকলে এ বছর ৩০ হাজারের বেশি কর্মী পাঠানো সম্ভব হবে না।’ নুরুল আমিন আরও বলেন, ‘আগস্ট মাসে ইউএইতে নতুন কর্মীদের ভিসা দেওয়া বন্ধের পর থেকে জনশক্তি রপ্তানি কমে গেছে। তা না হলে ২০১১ সালের চেয়ে ২০১২ সালে বেশি কর্মী বিদেশে পাঠানো সম্ভব হতো। এখন শুধু ওমানেই কর্মী নিয়োগ হচ্ছে। শুধু একটি দেশের ওপর নির্ভর করে জনশক্তি রপ্তানি বাড়ানো সম্ভব নয়।’ জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, ‘বিভিন্ন দেশে এখনো অর্থনৈতিক মন্দা চলছে। সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কারণেই এই পরিস্থিতিতেও এত কর্মী পাঠানো সম্ভব হয়েছে। চলতি মাসেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নিবন্ধন শুরু হবে। আরও কয়েকটি দেশে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা আছে।’