প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে প্রতারণা বন্ধের নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি আবুল বাশারের নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।প্রধানমন্ত্রী বায়রার নেতাদের বলেন, ‘আপনাদের কেউ কেউ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেন। এই প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার কোনো প্রতারণা সহ্য করবে না।’শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বাংলাদেশের শ্রমিকদের আটক থাকার কথা উল্লেখ করে তাঁদের দেশে ফিরিয়ে আনার ওপর জোর দেন।বায়রার নেতারা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানের অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাঁদের শুধু সরকারের ওপর নির্ভর না করে আর্থিক সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।শেখ হাসিনা মানবিক দৃষ্টিকোণ থেকে শ্রমিকদের বিদেশে পাঠানোর নির্দেশ দিয়ে বলেন, লোক পাঠানোর ব্যাপারে অবশ্যই শ্রমিকের কল্যাণ ও দেশের ভাবমূর্তির কথা বিবেচনায় রাখতে হবে। একজন শিক্ষককে ইট ভাঙার জন্য পাঠানো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।প্রধানমন্ত্রী বলেন, বিদেশে চাকরি করতে গিয়ে কাউকে যাতে আর নিঃস্ব না হতে হয়, সে জন্য সরকার প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। বিদেশে চাকরির উদ্দেশ্যে যাওয়ার ব্যাপারে আগ্রহী ব্যক্তিরা এই ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। তাঁরা ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা চাকরি করেই শোধ করবেন। ফলে কাউকে জমি বিক্রি করে নিঃস্ব হয়ে বিদেশে যেতে হবে না। শেখ হাসিনা বলেন, যে শ্রমিক যে কাজের জন্য বিদেশে যাবেন, সেই কাজের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া যে দেশে যাবেন, সে দেশের ভাষা শেখানোর ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমাদের রেমিট্যান্স কমেনি। বরং বৈদেশিক রিজার্ভের পরিমাণ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।’ তিনি নতুন নতুন শ্রমবাজার খোঁজার জন্য বায়রার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের শ্রমিকদের চাহিদা রয়েছে।’ তিনি এই সুযোগ কাজে লাগানোর জন্য নেতাদের প্রতি আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস।