প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন, মাতলামি ও জনশান্তি নষ্ট করার দায়ে সফিকুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব নিজ কার্যালয়ে এই আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ধরখার গ্রামের ওই ব্যক্তিকে সকালে ধরখার ফাঁড়ির পুলিশ আটক করে। তাঁর বিরুদ্ধে মাদক সেবন, মাতলামি ও জনশান্তি নষ্ট করার অভিযোগ আনা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতে দায় স্বীকার করেন অভিযুক্ত ব্যক্তি। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।