
এ এক অবাক করা ব্যাপার! শিল্পী কাইয়ুম চৌধুরীর জন্মদিন নিয়ে যে আয়োজন, তাতে শিল্পীর ঘনিষ্ঠ চার সুহৃদ যখন কথা বলছিলেন, তখন তা যেন হয়ে উঠছিল কবিতা। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে গতকাল বুধবার বিকেলে যাঁরা গিয়েছিলেন ‘জনশিল্পের কিংবদন্তি’ নামে প্রদর্শনীটি দেখতে, তাঁরা ফিরলেন শিল্পের পরশ বুকে নিয়ে, ছন্দ ও বৈচিত্র্যময় জীবনের প্রতি আরও নত হয়ে। গতকাল ছিল প্রয়াত শিল্পীর ৮৪তম জন্মবার্ষিকী।
অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। শুরুতেই অল্প কয়েকটি বাক্যে বাংলাদেশের নিসর্গ ও মুক্তিযুদ্ধই যে কাইয়ুম চৌধুরীর ছবির মূল বৈশিষ্ট্য, সেটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। বলেছেন, লুঙ্গি-গামছার সাধারণ মানুষদেরই শিল্পী মুক্তিযোদ্ধা হিসেবে তুলে ধরেছেন। আলোচকদের মধ্যে ছিলেন শিল্পী রফিকুন নবী, শিল্পানুরাগী আবুল খায়ের, সাহিত্যিক সৈয়দ শামসুল হক ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
শুরু করলেন রফিকুন নবী। কাইয়ুম চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল শিক্ষক-ছাত্র, জ্যেষ্ঠ-কনিষ্ঠ ভ্রাতা ও বন্ধুর। রফিকুন নবী বললেন, ‘অসম্ভব রসিক মানুষ ছিলেন কাইয়ুম ভাই। শুধু আসর জমাতেই নয়, সবকিছুতেই রস তৈরি করতেন তিনি। আর তাঁর চরিত্রের সবচেয়ে বড় দিকটা হলো, বয়োজ্যেষ্ঠদের প্রতি তাঁর শ্রদ্ধা। জয়নুল আবেদিন, কামরুল হাসানদের তিনি এত বেশি শ্রদ্ধা করতেন যে তা ভালো লাগত। কাইয়ুম ভাইয়ের কাছ থেকেই এটা শিখেছি।’

আবুল খায়ের বললেন, ‘প্রত্যেক শিল্পীরই একটি বিশেষ দিক নিয়ে আগ্রহ থাকে। কাইয়ুম ভাইয়ের আগ্রহ ছিল শিল্পের সব দিক নিয়েই। তিনি খুব বড়মাপের মানুষ ছিলেন, কিন্তু সেটা তাঁর চলনে-বলনে কখনোই বোঝা যেত না। তাঁর বিচিত্র আগ্রহের বিষয়গুলো ধরে যদি একটা বই বের করা যায়, তাহলে সেটা ইতিহাসের অংশ হয়ে যাবে।’
সৈয়দ শামসুল হক শুরুতেই পাঠ করলেন কাইয়ুম চৌধুরীর লেখা একটি কবিতা। সে কবিতার ‘আঁধার অকস্মাৎ’ পঙ্ক্তিটির কথা আলাদাভাবে উচ্চারণ করে বললেন, ‘এটা খুব অনুভব করছি।’ এরপর সৈয়দ হক ডুবে গেলেন স্মৃতির গভীরে। কাইয়ুম চৌধুরীর সঙ্গে প্রতিদিনের ঘনিষ্ঠতা, সদরঘাট থেকে আট আনা ভাড়ায় দুই বন্ধুর নৌকাভ্রমণ, গলুইয়ের চোখ দেখার আনন্দ, ৪০০ টাকা দিয়ে কাইয়ুম চৌধুরীর গ্রামোফোন ও উচ্চাঙ্গসংগীতের তিনটি রেকর্ড কেনা, লাজুক কাইয়ুমের বিয়ের কথা বলতে বলতে তিনি মোহিত করে ফেললেন শ্রোতাদের। পত্রিকার ইলাস্ট্রেশন নিয়ে সৈয়দ হক বললেন, ‘পত্রিকায় গল্প, কবিতার সঙ্গে যে ছবি আঁকা হয়, তা শুধু ইলাস্ট্রেশন হলে চলবে না, তার শিল্পমানও থাকতে হবে বলে বিশ্বাস করতেন কাইয়ুম। কাইয়ুম বলতেন, “হক, এই পেইন্টিংকে যেদিন আমরা আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে-জানালার পর্দায়, দরজার পর্দায়, শার্টের কাপড়ে ছবি দেখতে পাব, সেদিন বুঝব জাতি সত্যিই এগিয়ে গেছে”।’ বাংলা হরফ বিষয়ে কাইয়ুম চৌধুরীর আগ্রহের কথাও তুলে ধরেন কবি।
কাইয়ুম চৌধুরীর জীবনের শেষ দিনটিতে প্রায় সারা দিনই আনিসুজ্জামান ছিলেন তাঁর সঙ্গে। রাতে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের মঞ্চেও একসঙ্গে ছিলেন তাঁরা। বক্তব্য শেষ করে বসে পড়েছিলেন কাইয়ুম চৌধুরী। আনিসুজ্জামান এবার বলবেন। আবার উঠে এলেন শিল্পী। বললেন, ‘আমার আরেকটু বলার আছে।’ একটি পুরো বাক্য বলার আগেই পেছন দিকে পড়ে .গেলেন কাইয়ুম চৌধুরী। আনিসুজ্জামান বললেন, ‘আমার পাশ দিয়ে পড়ে গেলেন আর আমি এতই হতবিহ্বল যে তাঁকে ধরার জন্য হাত বাড়াতেও পারিনি। পড়ে গেছেন, আমি ভাবছি এখন উঠবেন নিজে নিজে বা আমি হাত ধরব কি না। দেখছি যে নিস্পন্দ। এভাবেই কাইয়ুম চৌধুরীর সঙ্গে আমার দীর্ঘকালের যোগাযোগের ইতি।’ আমীরুল ইসলামের মাধ্যমে পঞ্চাশ সালের দিকে কাইয়ুম চৌধুরীর সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে আনিসুজ্জামানের। ধীরে ধীরে তিনি জানতে থাকেন শিল্পীর গ্রামোফোনের রেকর্ড সংগ্রহের কথা, বই, বিশেষ করে সিগনেট প্রেসের বইয়ের প্রতি আগ্রহের কথা। আনিসুজ্জামান বললেন, ‘ডিজাইন সেন্টারে কাজ যেমন করেছেন, তেমনি বইয়ের প্রচ্ছদ এবং অন্যান্য, যাকে ব্যবহারিক শিল্প বলি, সেটাও করেছেন। আমাদের একজন প্রধান নকশাবিদ ছিলেন তিনি। কাইয়ুমের ছবিতে জ্যামিতিক নকশা ও বর্ণবাহুল্য—কাইয়ুমের প্রতিনিধিত্বমূলক কাজ। নকশার কত রকম কাজ! শিল্পকে বাঙ্ময় করে তুলেছেন তিনি।’
কাইয়ুম চৌধুরীর পছন্দের রবীন্দ্রসংগীত ‘অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়’ ও ‘কিছুই তো হল না’ গান দুটি করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
কাইয়ুম চৌধুরীর লেখা প্রবন্ধের বই জীবনে আমার যত আনন্দ, কাব্যগ্রন্থ হাতের ছোঁয়ায় রোদের শিহরণ ও সৈয়দ আজিজুল হকের লেখা কাইয়ুম চৌধুরীর জীবনী কাইয়ুম চৌধুরী: শিল্পীর একান্ত জীবনকথা প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। বই তিনটির প্রকাশনা অনুষ্ঠানও হয় আলোচনা অনুষ্ঠানের পরপর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, শিশির ভট্টাচার্য্য, সাহিত্যিক ও চিকিৎসক আনোয়ারা সৈয়দ হক, সাহিত্যিক রেজাউর রহমান, আলী ইমাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, অধ্যাপক সৈয়দ আজিজুল হক প্রমুখ।
‘জনশিল্পের কিংবদন্তি’ প্রদর্শনীটি কাইয়ুম চৌধুরীর গ্রাফিক শিল্পকলার বৈচিত্র্যময় সমাহার। প্রদর্শনীতে শিল্পবস্তুগুলোর উপস্থাপন-পরিকল্পনা করেছেন কাইয়ুম চৌধুরীর দুই ছাত্র শিল্পী ওয়াকিলুর রহমান ও অশোক কর্মকার।
প্রথম আলোর এই আয়োজনে সহযোগিতা করেছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রদর্শনী চলবে ১২ মার্চ পর্যন্ত। বিশেষ ব্যবস্থায় জাদুঘরের ছুটির দিন আজ বৃহস্পতিবার ও শনিবার প্রদর্শনী খোলা থাকবে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত যে কেউ ঘুরে দেখতে পারেন প্রদর্শনীটি।