জনশূন্য আবাসন প্রকল্পে ‘জনস্বার্থে’ রেলগেট!
আবাসন প্রকল্প এলাকা পুরোটাই জনশূন্য। নিচু ভূমি হওয়ায় সদ্য মাটি ফেলে ভরাট করা হয়েছে মাত্র। জনবসতিশূন্য আবাসন প্রকল্পের প্রবেশমুখে রেলওয়ে কর্তৃপক্ষ নির্মাণ করে দিয়েছে রেলগেট। তদারকির জন্য দুজন নিরাপত্তাকর্মীও নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটের লালমাটিয়া এলাকায় ঢাকা-সিলেট রেললাইনের পাশে ‘লালমাটিয়া মডেল টাউন’ আবাসন প্রকল্পের রেলগেট স্থাপনে রেলওয়ের ‘জনস্বার্থ’ নিয়ে প্রশ্ন উঠেছে।বাংলাদেশ রেলওয়ে আইন ১৮৯০-এর ১১ (৩)-বি ধারায় উল্লেখ রয়েছে, ‘জননিরাপত্তার স্বার্থে অবৈধ লেভেল ক্রসিং ও গেট বেরিয়ার স্থাপন করতে সংশ্লিষ্টদের জনস্বার্থ’ বিষয়টি উল্লেখপূর্বক এবং ব্যয়ভার গ্রহণের অঙ্গীকারসহ রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। রেলওয়ে কর্তৃপক্ষের সরেজমিন পর্যবেক্ষণে জনস্বার্থ যাচাই শেষে ওই আবেদন মঞ্জুরি সাপেক্ষে সংশ্লিষ্টদের লেভেল ক্রসিং বা গেট স্থাপনের অনুমোদন দেওয়া হয়।প্রকল্প সূত্রে জানা গেছে, লালমাটিয়া মডেল টাউন একই এলাকায় ‘সিলভার ভিলেজ লিমিটেড’ নামের আবাসন প্রকল্পের অন্তর্ভুক্ত আরেকটি প্রকল্প। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে এই দুটি আবাসন প্রকল্পের কাজ শুরু হয় ২০০৬ সালে। প্রকল্প চেয়ারম্যান ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সাইফুল্লাহ আল হোসাইন। ৩০০ বিঘার প্রকল্প এলাকায় এখন পর্যন্ত কোনো প্লট বিক্রি হয়নি। বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করে প্রকল্প চেয়ারমান বলেন, ‘প্রকল্পটি পরিচালক পর্যায়ে বণ্টনের মধ্যে রয়েছে। রেলগেট হয়েছে যথারীতি রেল কর্তৃপক্ষের ধার্য করা ফি দিয়ে।’প্রকল্পের আশপাশের এলাকার বাসিন্দারা জানান, লালমাটিয়া পার্শ্ববর্তী শিববাড়ির এলাকায় রেলের একটি ওভার ক্রসিং রয়েছে। সেখানে একাধিক দুর্ঘটনার পর এলাকাবাসী একটি রেলগেট স্থাপনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রায় এক দশকেও দাবির বাস্তবায়ন হয়নি। বাণিজ্যিক আবাসন প্রকল্পে বসবাস না থাকা সত্ত্বেও সুবিশাল রেলগেট স্থাপন প্রসঙ্গে মেনিখলার বাসিন্দা স্কুলশিক্ষক তৈয়বুর রহমান বলেন, ‘পাবলিকের কথায় তাঁরা উদাসীন। আর আবাসন ব্যবসার বেলায় জনস্বার্থ ভালোই দেখায়!’রেলওয়ের প্রকৌশল বিভাগ-২ সূত্রে জানা গেছে, লালমাটিয়া মডেল টাউন আবাসন প্রকল্পের আবেদন ও ব্যয়ভার বহনের পরিপ্রেক্ষিতে রেলগেট নির্মাণ করা হয়েছে। নির্মাণ ব্যয় আবেদনকারী কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হয়েছে বলে প্রকৌশল বিভাগ জানালেও গেটে আবাসন প্রকল্পের নিরাপত্তাসংশ্লিষ্ট দপ্তর জানায়, গেট, ভবন ও গেটকিপার নিয়োগ ছাড়াও অতিরিক্ত ২৫ লাখ টাকা রেলওয়ের পথ বিভাগে হস্তান্তর করার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুততার সঙ্গে কাজটি করে দিয়েছেন।যোগাযোগ করলে রেলওয়ে (পথ) সিলেটের জ্যেষ্ঠ লাইন পরিদর্শক বি এম রাফিয়াত উল্লাহ জানান, প্রকৌশল বিভাগ কেবল কাজ তদারক করেছে। ব্যয় পুরোটাই আবাসন প্রকল্পের মাধ্যমে হয়েছে। জনশূন্য আবাসন প্রকল্পে জনস্বার্থে রেলগেট প্রশ্নে তিনি বলেন, ‘আমারও খটকা ছিল। একটু আগাম হয়ে গেল আর কি!’ রেলওয়ে (পথ) সিলেটের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকার জানান, এটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিধিসম্মতভাবেই হয়েছে। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ-প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন। এ নিয়ে প্রশ্ন থাকলেও তাদের কিছু বলার নেই।