প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনসংখ্যা কার্যক্রমকে বেগবান করার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, সিটি করপোরেশন ও পৌরসভাকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশব্যাপী যে কর্মসূচি বাস্তবায়ন করেছে, তার ফলাফল মূল্যায়ন হওয়া দরকার। জাতীয় জনসংখ্যা পরিষদের সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জনসংখ্যাকে বোঝা হিসেবে মনে করি না। বরং আমি বিশ্বাস করি, বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে জনসংখ্যা সমস্যা মোকাবিলা করা যেতে পারে।’সভায় উপস্থিত সূত্র মতে, প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের জনসংখ্যা নীতিযুগোপযোগী করতে বলেন। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী ও পরিবার কল্যাণকর্মীদের কাজের সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাড়ি বাড়ি গিয়ে সেবা কার্যক্রম বন্ধ করা যাবে না। দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালু হলে তা জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।২০০৯ সালের ৩ সেপ্টেম্বর জাতীয় জনসংখ্যা পরিষদ পুনর্গঠিত হওয়ার পর গতকালই ছিল এর প্রথম সভা। এই পরিষদ প্রথম গঠিত হয়েছিল বিগত আওয়ামী লীগের শাসনামলে। কিন্তু জোট সরকারের পাঁচ বছরে এই পরিষদের কোনো সভা হয়নি। ৬১ সদস্যবিশিষ্ট এই পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী নিজে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীসহ আটটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রীরা এই পরিষদের সদস্য। শহরের বস্তি এলাকায় জনসংখ্যা বৃদ্ধি ও ভাসমান জনগোষ্ঠীর ব্যাপারে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষকে বস্তিতে জনসংখ্যা কার্যক্রম জোরদার করতে বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক এ কে এম নুরুন নবী জনসংখ্যা বিষয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের প্রস্তাব করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব শারফুদ্দিন আহমেদ বলেন, জনসংখ্যা বিষয়ে দেশের পরিসংখ্যান ব্যবস্থা খুবই দুর্বল, সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না।প্রধানমন্ত্রী বলেন, একজন মাঠকর্মীর পক্ষে এক হাজার ২০০ পরিবারে ঘুরে ঘুরে সেবা দেওয়া সম্ভব নয়। মাঠকর্মী বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এমন পদক্ষেপ নিতে হবে যেন একজন কর্মীকে ৬০০-এর বেশি বাড়ি ঘুরে সেবা দিতে না হয়। দুর্গম এলাকায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে আনসার/ভিডিপিকে সম্পৃক্ত করার কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, জনসংখা নিয়ন্ত্রণ কর্মকাণ্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে এনজিওরা মাঠপর্যায়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। এর ফল কী হয়েছে, তা পর্যালোচনা করার কথা বলেন তিনি। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ, স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা এবং জাতীয় জনসংখ্যা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।