জনসংখ্যা দিবসে তিন জেলায় শোভাযাত্রা
‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে তিন জেলাতেই পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেই কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এ কে এম মজিবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হারুন অর রশীদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া জাহান, উপজেলা স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা এহসানুল করিম প্রমুখ।
গাজীপুর: বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, ইউএনও মো. মনিরুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছাদেকুর রহমান আকন্দ প্রমুখ।
নরসিংদী: সকালে মনোহরদী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ইউএনওর কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। ইউএনও মো. শহিদুল্লাহর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান প্রমুখ।