জনবিস্ফোরণ ঠেকাতে বাংলাদেশের জনসংখ্যাবিষয়ক কর্মসূচিগুলো আরও বেশি বাস্তবভিত্তিক হওয়া উচিত। সরকার নতুন নীতি নিয়ে এগিয়ে না এলে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ও পয়োনিষ্কাশন ব্যবস্থা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে। ‘সাত শ কোটির বিশ্বে বাংলাদেশ: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিলে অংশগ্রহণকারী জনসংখ্যা বিশেষজ্ঞরা এ মত প্রকাশ করেন। দ্য ডেইলি স্টার ও জাতিসংঘ জনসংখ্যা কর্মসূচির (ইউএনএফপিএ) আয়োজনে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে গতকাল বৃহস্পতিবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার এরকেন বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি মোকাবিলা করার জন্য বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির পুনরুজ্জীবন দরকার। আমাদের প্রয়োজন বিশেষ করে, যেসব ক্ষেত্রে কর্মসূচির ঘাটতি রয়েছে, সেদিকে নজর দেওয়া।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী লিখিত বক্তব্যে বলেন, জনগোষ্ঠীতে তরুণ বয়সীদের আধিক্যের কারণে আগামী কয়েক দশকে বাংলাদেশের জনসংখ্যা বাড়বে। জনসংখ্যা বিষয়কে জাতীয় উন্নয়নের কেন্দ্রীয় বিষয় হিসেবে নিতে হবে।সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের চেয়ারমান আতিক রহমান বলেন, দেশে প্রজননক্ষম মানুষের সংখ্যা একটি বড় উদ্বেগের বিষয়। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, জনসংখ্যা সমস্যা সবার অলক্ষ্যে টাইম বোমার মতো বিস্ফোরণোন্মুখ অবস্থায় রয়েছে। বৈঠকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরকত-এ-খোদা, নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব এলা ভুড, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম ওমর রহমান, সাবেক স্বাস্থ্যসচিব জাফর উল্লাহ খান প্রমুখ।