জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন স্লোগান চায় সরকার
জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার আকর্ষণীয় স্লোগান খুঁজছে। ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ এই স্লোগান থেকে সরে আসতে চাচ্ছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশও দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা আরও ভালো কোনো স্লোগান মানুষের কাছে নিয়ে যেতে চাই। আরও আকর্ষণীয় স্লোগান চাই।’
পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্র জানায়, ১৭ এপ্রিল স্বাস্থ্যসচিব ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ স্লোগানটির প্রচার বন্ধ করার নির্দেশ দেন। তাঁর নির্দেশের পর চারটি বেসরকারি চ্যানেলে এই স্লোগান প্রচার বন্ধে ব্যবস্থা নেয় অধিদপ্তর। তবে আজ শুক্রবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে এই স্লোগান দেখা গেছে।
‘বাংলাদেশ জনসংখ্যা নীতি-২০১২’-তে এই স্লোগানকে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাত্র দুই বছর সময়ের ব্যবধানে স্লোগান পরিবর্তন করা যথার্থ হবে না। তিনি বলেন, এই স্লোগানকে বাদ দিতে হলে জনসংখ্যা নীতিতেও পরিবর্তন আনতে হবে। এ ছাড়া আচরণ পরিবর্তনে যোগাযোগ (বিসিসি) কাজে ব্যবহার করা স্লোগান ঘন ঘন পরিবর্তন আনলে মানুষ তাতে সাড়া দেয় না।
এর আগে জনসংখ্যা নিয়ন্ত্রণের স্লোগান ছিল ‘ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’। স্লোগানটির প্রচার বন্ধ হয়েছে বেশ কয়েক বছর। এর পরই আসে ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’।