জনসংখ্যা নিয়ন্ত্রণে পৃথক মন্ত্রণালয় গঠন বিষয়ে হাইকোর্টের রুল
সারা দেশে, শহরে ও গ্রামে গত ১০ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল, তা আগামী এক মাসের মধ্যে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে এ সময়ে কত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, তাও জানতে চেয়েছেন আদালত। জনসংখ্যা নিয়ন্ত্রণে পৃথক মন্ত্রণালয় গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন ও রুল জারি করেন। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ, সারোয়ার আহাদ চৌধুরী, আসাদুজ্জামান সিদ্দিকী ও তপন কুমার দাস গতকাল রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। পাশাপাশি আগামী ২৬ সেপ্টেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করেন। রুলে আদালত জনসংখ্যা নিয়ন্ত্রণে জরুরিভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে ভবিষ্যতে সব বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিতে নির্দেশ কেন দেওয়া হবে না, এ মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৫ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে জাতীয় ও আন্তর্জাতিক কোন কোন সংস্থা কী কাজ করছে এবং কী পদক্ষেপ নিয়েছে—সে-সংক্রান্ত প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিবকে এক মাসের মধ্যে দাখিল করতে বলেছেন আদালত। আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী মো. মোকছেদুল ইসলাম শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী। মোকছেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ১০ বছরে সারা দেশে, গ্রামে ও শহরে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল—এ-সংক্রান্ত তিনটি পৃথক প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনসংখ্যা কর্মসূচিতে অর্থ বরাদ্দ এবং এনজিওদের পদক্ষেপ-সংক্রান্ত আরও দুটি প্রতিবেদন সরকারকে দিতে হবে। একই সঙ্গে বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া, পৃথক মন্ত্রণালয় গঠন করার বিষয়ে রুল জারি করা হয়েছে। এ ব্যাপারে আকরাম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২৬ সেপ্টেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। রিটে বলা হয়, ১৯৭৬ সালে জনসংখ্যা কর্মসূচিতে সাড়ে ২৩ হাজার মাঠকর্মী নিয়োজিত ছিল। মাঠকর্মীর পদের সংখ্যা ঠিক থাকলেও অনেক পদ খালি পড়ে আছে। এ দেশের অতিরিক্ত জনসংখ্যা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। দশকভেদে জনসংখ্যা বৃদ্ধির চিত্র তুলে ধরে রিটে বলা হয়, ১৯৪১ সালে জনসংখ্যা ছিল চার কোটি ১৯ লাখ। এর ৪০ বছর পর ১৯৮১ সালে জনসংখ্যা দাঁড়ায় আট কোটি ৯৯ লাখে। ১০ বছর পর ১৯৯১ সালে জনসংখ্যা ছিল ১১ কোটি ১৪ লাখ। ২০০১ সালে জনসংখ্যা দাঁড়ায় ১২ কোটি দুই লাখে। রিট আবেদনে ধারণা করা হয়, বর্তমানে জনসংখ্যা প্রায় ১৬ কোটি। রিটে দুটির অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের নির্দেশনাও চাওয়া হয়েছে।