জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিতে পুরুষের কম অংশগ্রহণ, দ্রুত অপরিকল্পিত নগরায়ণ ও দারিদ্র্য বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বড় কারণ। জনসংখ্যা নিয়ন্ত্রণে নারীশিক্ষা ও পুরুষের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। গতকাল শুক্রবার জাইকা অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘পপুলেশন: বাংলাদেশ কনটেক্সট’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গণপূর্ত অধিদপ্তর মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি বলেন, ‘দেশে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বাড়ছে। এটি শঙ্কার কারণ। আমাদের জন্য জনসংখ্যা ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ।’ বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ-সচিব শেখ আলতাফ আলী।মূল প্রবন্ধে পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম বাংলাদেশে পরিবার পরিকল্পনার বিভিন্ন স্তর তুলে ধরে বলেন, ‘আমাদের দেশে ২০৫০ থেকে ২০৭০ সময়কাল হবে জনসংখ্যা বৃদ্ধির ক্রান্তিকাল। বর্তমানে জনসংখ্যা আমাদের প্রধান সমস্যা। তবে জনসংখ্যাকে দক্ষ শক্তিতে পরিণত করা গেলে তা হবে সম্পদ।’