জনসংখ্যা প্রশ্নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থান পরিসংখ্যান ব্যুরোর পক্ষে
জনসংখ্যা প্রশ্নে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অবস্থান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের পক্ষে। গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের জনসংখ্যা কত তা নিয়ে সাংবাদিকেরা স্বাস্থ্যমন্ত্রীকে উপর্যুপরি প্রশ্ন করেন। আ ফ ম রুহুল হক স্বীকার করেন, সরকার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে বাংলাদেশের জনসংখ্যা-সংশ্লিষ্ট পরিসংখ্যানের ভিন্নতা রয়েছে। তিনি কোনো সংখ্যা উল্লেখ না করে বলেন, পরিসংখ্যান ব্যুরোর তথ্যের পক্ষেই তাঁদের অবস্থান। উল্লেখ্য, সরকার ও জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা বাংলাদেশের জনসংখ্যা নিয়ে দুই ধরনের তথ্য দিচ্ছে। বিবিএস বলছে, দেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৫ কোটি, জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলো বলে আসছে, দেশের জনসংখ্যা ১৬ কোটি বা তার বেশি। গত শনিবার দৈনিক প্রথম আলোতে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে সাংবাদিকেরা মন্ত্রীকে প্রশ্ন করেন। সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সিলেট ও চট্টগ্রামের মতো পিছিয়ে পড়া অঞ্চল ও দুর্গম এলাকাগুলোয় বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে। তবে, ২০২১ সালের মধ্যে পরিবার-পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৮০ ভাগে উন্নীত করার যে লক্ষ্যমাত্রা তা এখনো একটি বড় চ্যালেঞ্জ। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাল্যবিবাহ, সীমিত জনবল, জন্মনিয়ন্ত্রণসামগ্রীর আমদানিনির্ভরতা, শিক্ষার নিম্নহার ও দারিদ্র্যকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন রুহুল হক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স ১৬ দশমিক ৪ বছর, কিন্তু ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মাত্র ৩৮ ভাগ পরিবার-পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করছে। স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহীতার হার মোট গ্রহীতার মাত্র ৫ দশমিক ২ শতাংশ, তার মধ্যে পুরুষের অংশগ্রহণ মাত্র দশমিক ৬ শতাংশ এবং ১৭ দশমিক ৬ শতাংশ দম্পতির চাহিদা থাকা সত্ত্বেও পরিবার-পরিকল্পনা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সাংবাদিকেরা অভিযোগ করেন, পরিবার-পরিকল্পনা কর্মসূচির কোনো অস্তিত্ব টের পাওয়া যায় না। জুলাই মাসের মধ্যে জনবল নিয়োগের কথা থাকলেও প্রক্রিয়া এখনো শেষ হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জবাবে বলেন, পরিবার-পরিকল্পনা কর্মসূচি সফলভাবেই এগোচ্ছে। তবে আরও ভালো করার সুযোগ আছে। স্বাস্থ্যসচিব মু হুমায়ুন কবির বলেন, শহর এলাকায় সিটি করপোরেশনের পরিবার-পরিকল্পনা সেবা দেওয়ার দায়িত্ব। তবে, স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন একটি কৌশলপত্র প্রণয়ন করছে এবং শহরাঞ্চলের কাজেও ভালোভাবে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে।