জনসংখ্যা বাড়লে প্রাদেশিক সরকারের প্রয়োজন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে ভবিষ্যতে এ দেশের জনসংখ্যা ২০ থেকে ২৫ কোটি হয়ে যাবে। তখন আর এককেন্দ্রিক সরকারব্যবস্থা দিয়ে দেশ শাসন করা সম্ভব হবে না। সে সময় দেশে প্রাদেশিক সরকারপদ্ধতি চালু করার প্রয়োজন হবে।

আজ রোববার বিকেলে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে মন্ত্রীর সঙ্গে বাস্তবায়নাধীন ফরিদপুর বিভাগের উপজেলা চেয়ারম্যানদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রোজার মধ্যে জেলা পরিষদ আইন হবে। এরপরই জেলা পরিষদের নির্বাচন হবে। মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধনের পর পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘ফরিদপুর বিভাগ নিয়ে সবাই একমত হবেন, এমন নয়। তবে বিভাগীয় সদর দপ্তরসংক্রান্ত কিছু কথা আমার কানে এসেছে। এটি নেহাতই একটি ভুল ধারণা। কেননা, জনগণের দৈনন্দিন কাজে বিভাগীয় সদর দপ্তরে যেতে হয় না; বরং তাদের কর্মকাণ্ড জেলা প্রশাসনের কর্মকাণ্ডের মধ্যেই সম্পৃক্ত থাকে।’

সভায় গোপালগঞ্জ সদরের উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বলেন, ‘ফরিদপুর বিভাগ হলে আমরা গোপালগঞ্জবাসী এটিকে সব সময় স্বাগত জানাব।’

সভায় বৃহত্তর ফরিদপুরের ২৩ জন উপজেলা চেয়ারম্যান অংশ নেন।