জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে পরিকল্পনা নিতে হবে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার মো. আবদুল হামিদ বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ বিপর্যয় ঘটবে। জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এখনই পরিকল্পনা না নিলে সমস্যা আর মোকাবিলা করা যাবে না।গতকাল সোমবার সংসদ ভবনের মেম্বারস ক্লাবে ‘৭০০ কোটির বিশ্বে বাংলাদেশ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় স্পিকার এ কথা বলেন। বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছানো উপলক্ষে সংসদ সচিবালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।আবদুল হামিদ বলেন, জনসংখ্যাকে সম্পদ বলা সহজ। কিন্তু তাদের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন। এ জন্য এখন থেকেই সরকারকে পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করার পাশাপাশি মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। একজন শিক্ষিত মানুষ পরিকল্পনা করে সংসার সাজায়।এ আলোচনা শুরুর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে একটি র‌্যালি বের হয়ে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছায়। সংসদ সচিব মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে হুইপ সাগুফতা ইয়াসমীন, ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার এরকেন বক্তব্য দেন।আর্থার বলেন, বিশ্বের ৭০০ কোটি জনসংখ্যা আজকে একটি সতর্কতার ডাক। সচেতন হয়ে কাজ করতে হবে এখনই।শিক্ষা মানুষকে সম্পদে পরিণত করে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, একমাত্র শিক্ষাই পারে জনসংখ্যাকে সম্ভাবনাময় করে তুলতে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘দ্য ওয়ার্ল্ড অ্যাট সেভেন বিলিয়ন কাউন্টিং অন ইচ আদার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জনসংখ্যা তখনি সমস্যার কারণ হয়, যখন এটি জনসম্পদে পরিণত না হয়।অনুষ্ঠানে ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার এরকেনও বক্তব্য দেন। পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রকল্প পরিচালক এ কে এম নূর উন নবীর নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র‌্যালি বের করা হয়।