জনসংখ্যার অনুপাতে বান্দরবানে বেশি সংখ্যক পুরুষ জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি গ্রহণ করে থাকেন। এ হার ক্রমেই বাড়ছে।
গত বুধবার সাংবাদিকদের সঙ্গে এক অবহিতকরণ সভায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা এই তথ্য জানান।
জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন উদয় শঙ্কর চাকমা, ডেপুটি সিভিল সার্জন অংসুইপ্রু মারমা, পল্লী উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বাসুদেব নাথ। সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক উখ্যা উইন।
সভায় জানানো হয়, জেলায় সক্ষম দম্পতির সংখ্যা ৬৫ হাজার ৪৪১। তাঁদের মধ্যে জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি গ্রহণকারী পুরুষের সংখ্য ৪ হাজার ৫৭২ ও নারী ৩ হাজার ২২৪।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক উখ্যা উইন বলেন, জেলায় মোট সক্ষম দম্পতির ৭৮ শতাংশই জন্মনিয়ন্ত্রণের আওতায় এসেছে। দুর্গম এলাকার নারীরা সহজে উপজেলা ও জেলা সদরে আসতে পারেন না। এ জন্য পুরুষেরা এসে স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন। স্থায়ী পদ্ধতি গ্রহণকারী পুরুষের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং এটি দেশের অন্যান্য জেলার পুরুষদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।