জনসংখ্যার সুফল পেতে নীতি ও অর্থায়ন জরুরি
বাংলাদেশের জনমিতিতে দ্রুত পরিবর্তন হচ্ছে। জনসংখ্যা বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা বলেছেন, এই পরিবর্তনের অর্থনৈতিক সুফল পেতে হলে মানানসই নীতি, অর্থায়ন ও সুশাসন জরুরি। একই সঙ্গে মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার।
রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল সোমবার দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে জনমিতিক পরিবর্তন থেকে অর্থনৈতিক লাভ-বিষয়ক অধিবেশনে জনসংখ্যা বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা এ কথা বলেন। ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার উচ্চপর্যায়ের বৈঠকের অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এই অধিবেশনের আয়োজন করে।
অধিবেশনের প্রথম মূল উপস্থাপনায় ইউএনএফপিএর এশীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলের জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক উপদেষ্টা ক্রিস্টোফার লেফ্রাঙ্ক বলেন, মৃত্যুহার ও জন্মহার যদি দ্রুত কমে তাহলে জনসংখ্যার বয়স কাঠামোতে বড় পরিবর্তন আসে। এর ফলে অন্যের ওপর নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কমে। নির্ভরশীল জনসংখ্যার হার যত কম হবে, ততই অর্থনীতির জন্য ভালো। যুব জনসংখ্যা ও যুব জনসংখ্যার হার বেশি হলে তা অর্থনীতির জন্য সুযোগ এনে দেয়। এই সুযোগ কাজে লাগাতে বিশেষ নীতি প্রয়োজন।
জনসংখ্যা পরিবর্তনের প্রভাব নিয়ে সমীক্ষার ফল উপস্থাপনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. বেলাল হোসেন বলেন, নির্ভরশীল জনসংখ্যার হার কমলে বা যুব জনসংখ্যা বাড়লেই তা থেকে আপনাআপনি জনমিতিক লাভ (পপুলেশন ডিভিডেন্ড) পাওয়া যায় না। লাভ পেতে হলে চারটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছে—মানসম্পন্ন শিক্ষা, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা, অর্থায়ন এবং সুশাসন।
অধিবেশনের মাঝপথে কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিছু বক্তব্য শোনার পর জনসংখ্যার পরিবর্তন ও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার প্রভাববিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী। তবে তিনি কোনো বক্তব্য দেননি। কিছুক্ষণ পর তিনি চলে যান।
মূল বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন বিআইডিএসের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনএফপিএর বাংলাদেশের প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল। নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বরকত-ই-খুদা ও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সালাম জায়েদি।