দেশের জনসংখ্যার ১ দশমিক ৪ শতাংশ প্রতিবন্ধী। জনসংখ্যা ও গৃহগণনা শুমারি-২০১১ অনুযায়ী, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ২০ লাখ ১৬ হাজার ৬১২ জন।তবে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন সংগঠনের প্রতিনিধিরা সরকারের এই পরিসংখ্যান মানতে নারাজ। তাঁদের মতে, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা আরও বেশি।অন্যদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় শুমারির তথ্য প্রত্যাখ্যানও করেনি, আবার গ্রহণও করেনি। মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, দেশে কত প্রতিবন্ধী আছে, তারা কোন ধরনের বা কোন মাত্রার প্রতিবন্ধকতার শিকার, তা জানার জন্য একটি দিশারী প্রকল্পের মাঠপর্যায়ের কাজ শেষ হয়েছে। ফলাফল হাতে পাওয়ার পর পরিসংখ্যান নিয়ে কথা বলা যুক্তিযুক্ত হবে।জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি দৃষ্টিপ্রতিবন্ধী রজব আলী খান বলেন, ‘আদমশুমারিতে প্রতিবন্ধীদের বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা আমরা মানি না।’‘আদমশুমারি ও গৃহগণনা ২০১১’-এর তথ্য সংগ্রহ ফরমের ১৯ নম্বর কলামটি ছিল প্রতিবন্ধীবিষয়ক। তাতে বাকপ্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী ও অটিজম নিয়ে তথ্য সংগ্রহের ব্যবস্থা ছিল।এর আগে ২০০১ সালের আদমশুমারিতে প্রথমবারের মতো প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিসংখ্যান প্রকাশ করেছিল সরকার। তাতে বলা হয়েছিল, জনসংখ্যার দশমিক ৪৭ শতাংশ অর্থাৎ ছয় লাখ ১৩ হাজার ৪৬০ জন ছিল প্রতিবন্ধী।সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০১০ সালে এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা প্রকাশ করে। ওই নীতিমালায় বলা হয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী দেশে প্রতিবন্ধীর সংখ্যা এক কোটি ৪০ লাখ। তাতে আরও বলা হয়েছিল, এসিড নিক্ষেপ, অগ্নিকাণ্ড, গোলাবারুদ, বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও অন্যান্য দাহ্য পদার্থের অসতর্ক ব্যবহার অথবা অপব্যবহার, পুষ্টিহীনতা, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা ইত্যাদি কারণে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা প্রায় ৯৮ লাখ। ১৯৮১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, উন্নয়নশীল দেশগুলোতে মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী। সরকারও এত দিন এই হিসাব মেনে কর্মসূচি পরিচালনা করে আসছে। তা ছাড়া ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের প্রকাশিত ‘ওয়ার্ল্ড রিপোর্ট অন ডিজঅ্যাবিলিটি’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা বাড়ছে। বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের কারণেও প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশই প্রতিবন্ধী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শুমারি শাখার পরিচালক এবং ‘আদমশুমারি ও গৃহগণনা ২০১১’-এর প্রকল্প পরিচালক অসীম কুমার দে প্রথম আলোকে বলেন, শুমারিতে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কম বা বেশি দেখিয়ে বিবিএসের লাভ বা ক্ষতি নেই। জরিপের সময় প্রতিবন্ধী ব্যক্তি বা তাঁদের পরিবার যে তথ্য জানিয়েছেন, তার ভিত্তিতেই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। জরিপের সময় প্রতিবন্ধী ব্যক্তি বা পরিবার যদি সমস্যাটি গোপন করে থাকে, তাহলে বিবিএসের করার কিছু নেই।