জনসংযোগে দিন পার
তফসিল ঘোষণার পর কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীরা সরব হয়ে উঠেছেন। তাঁরা জনসংযোগ শুরু করছেন।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দুজন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র ফখরুল আলম এবং শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন।
তবে পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র মো. শাহিনকেই প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে দলটির একজন নেতা জানিয়েছেন।
গত বুধবার ফখরুল আলম ১ নম্বর ওয়ার্ডে ও ইফতেখার হোসেন ১২ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। মেয়র শাহিনের সমর্থকেরা ৯ নম্বর ওয়ার্ডে জনসংযোগের মাধ্যমে দিন পার করেন। ওই দিন মেয়র মনোনয়নপ্রত্যাশীরা লোকজনের সঙ্গে করমর্দন করেন, হাত নেড়ে শুভেচ্ছা জানান। তাঁদের সঙ্গে অংশ নেন অন্তত অর্ধশত তরুণ ও যুবক।
উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপি থেকে মেয়র শাহিন ছাড়া কেউ মনোনয়ন চাননি। তাই তাঁকেই তাঁরা দলীয় প্রার্থী ঘোষণা করেছেন।
জানা গেছে, নেতৃত্ব নিয়ে কয়েক বছর ধরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক আবুল মনসুর বিভক্ত হয়ে পড়েছেন। দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে পক্ষ দুটির মধ্যে বিভক্তি ও উত্তেজনা আরও বেড়েছে।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ বলেন, ‘তফসিল ঘোষণা হলেও আমরা এখনো দলীয় প্রার্থী ঘোষণা করতে পারিনি। কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছি।’
এদিকে কাউন্সিলর পদে ৪৫ জন ও চারটি সংরক্ষিত নারী আসনের জন্য নয়জন প্রচারণা চালাচ্ছেন। এঁদের বেশির ভাগই আওয়ামী লীগের পদ-পরিচয়ধারী। তবে কাউন্সিলর পদপ্রার্থীরা দলীয় পরিচয়কে খুব বেশি সামনে না এনে প্রচারণায় আঞ্চলিকতা ও ব্যক্তিপরিচয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন।