ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই মেয়র প্রার্থী গতকাল রোববারও প্রচারে ব্যস্ত ছিলেন।
আওয়ামী লীগ-সমর্থিত আনিসুল হক সকালে গণসংযোগ শুরু করেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠ এলাকা থেকে। আর খিলক্ষেত এলাকা থেকে সকালে প্রচারণা শুরু করেন বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল। এরপর দুই প্রার্থীসহ অন্য প্রার্থীরা ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
আনিসুল হক গতকাল সকালে মানিক মিয়া থেকে পশ্চিম রাজাবাজার এলাকায় গিয়ে পথচারী, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার কাছে ভোট ও দোয়া চান। এ সময় তিনি বলেন, ‘এটা দলীয় নির্বাচন নয়। তাই দলমতের ঊর্ধ্বে উঠে নাগরিকবান্ধব একজন মেয়র নির্বাচন করতে হবে।’
এরপর আনিসুল হক পান্থপথ, বউবাজার, পূর্ব রাজাবাজার, ইন্দিরা রোড, তেজগাঁও কলেজ এলাকায় ভোট প্রার্থনা করেন। সেখানে তিনি বলেন, নির্বাচনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গণসংযোগের সময় মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি জানান।
বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল গতকাল সকাল সাড়ে নয়টায় খিলক্ষেত এলাকায় গণসংযোগ করে বিরতি দেন। এরপর দুপুর দেড়টার দিকে পুনরায় গণসংযোগ শুরু করেন বারিধারা এলাকায়। সন্ধ্যা পর্যন্ত তিনি কালাচাদপুর, শাহজাদপুর, মধ্য বাড্ডা ও খিলগাওয়ের তালতলায় বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি স্থানীয় অনেকের সঙ্গে হাত মেলান, কোলাকুলি করেন।
গণসংযোগকালে তাবিথ আউয়াল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর শত শত সমর্থক নেতা-কর্মী গ্রেপ্তার, আটক, নির্যাতন ও হয়রানির ভয়ে প্রচার-প্রচারণার কাজে অংশ নিতে পারছেন না। অন্যদিকে সরকার দল-সমর্থিত প্রার্থীর অনুসারীরা নির্বিঘ্নে প্রচারে অংশ নিচ্ছেন। এত কিছুর পরও প্রত্যাশার চেয়েও বেশি সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন।
তাবিথ আউয়ালের মা নাসরিন ফাতেমা গতকাল বিকেলে রাজধানীর গুলশানের দুটি পার্ক ও বনানীতে গণসংযোগ করেন। এ সময় তিনি ছেলের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘তাবিথ আউয়াল যেমন আমার সন্তান। তেমনি আপনাদেরও সন্তান। জয়যুক্ত হলে সে সুন্দর ঢাকা গড়তে কাজ করবে।’