জনসংযোগ ব্যক্তিত্ব নুরুল ইসলাম আর নেই
বিশিষ্ট জনসংযোগ ব্যক্তিত্ব মো. নুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। বার্ধক্যজনিত রোগে গতকাল শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সাবেক পরিচালক এবং ঢাকার ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিসের (ইউএসআইএস) তথ্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে তিনি স্নাতক সম্মান ও পরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।মরহুমার স্ত্রী শরিফুন নেসা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক। তাঁদের দুই ছেলে ইফতেখারুল ইসলাম ওষুধবিদ এবং সাইফুল ইসলাম প্রকৌশলী, মেয়ে স্থপতি শাহজিয়া ইসলাম ও জামাতা স্থপতি মুস্তাফা খালীদ। নুরুল ইসলামের মৃত্যুতে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন। জাতীয় প্রেসক্লাবের সহযোগী এই সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। বাংলাদেশ জনসংযোগ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মরহুমের অবদানের কথা উল্লেখ করে শোক প্রকাশ করেছেন সমিতির বর্তমান সভাপতি মির্জা তারেকুল কাদের।গতকাল বাদজুমা জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয়। আগামী সোমবার বাদ মাগরিব মরহুমের গুলশান বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে।