জনসংহতি সমিতি ও ইউপিডিএফের সংঘাত বন্ধের আহ্বান
ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে পার্বত্যচুক্তি বাস্তবায়ন, ভূমি জরিপ প্রতিরোধ এবং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটি জেলার আদিবাসী নাগরিক সমাজের প্রতিনিধিরা।গত রোববার রাঙামাটির আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ভূমি বিরোধসহ ভূমি জরিপ এবং সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের দুই রাজনৈতিক দলের অনেক বিষয়ে অভিন্ন মত থাকলেও ভ্রাতৃঘাতী সংঘাতের কারণে সেগুলো অর্জন সম্ভব হচ্ছে না। বক্তারা বলেন, ইউপিডিএফ একসময় পার্বত্যচুক্তির বিরোধিতার কথা বললেও এখন চুক্তি বাস্তবায়নের পক্ষে কথা বলছে। অপরদিকে ভূমি সমস্যা সমাধানের আগে জরিপ না করা, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাঙালি হিসেবে জাতীয় পরিচয় এবং আদিবাসী হিসেবে অস্বীকৃতির বিষয়ে সব আদিবাসীর মত অভিন্ন।