জনসংহতি সমিতির আরও ১১ সদস্যের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ হওয়ার সাত মাস ২৮ দিন পর সন্তু লারমার নেতৃত্বাধীন জন-সংহতি সমিতির আরও ১১ জন সদস্যকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।
গতকাল সোমবার দুপুরে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জেলা প্রশাসনও বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৬ ফেব্রুয়ারি রাঙামাটি থেকে ট্রলারযোগে লংগদু ও বাঘাইছড়ি যাওয়ার পথে জনসংহতি সমিতির ৬২ সদস্যকে লংগদু উপজেলার কাট্টলি বিল এলাকার জোড়টিলা নামক স্থান থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত অপহরণ করে। তাঁরা এক দিন আগে রাঙামাটি শহরে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে এসেছিলেন। এ নিয়ে তিন দফায় মোট ৫৭ জন মুক্তি পেলেন। তারও আগে একজন অপহূত ব্যক্তি দুর্বৃত্তদের আস্তানা থেকে পালিয়ে আসেন। মুক্তি না পাওয়া অবশিষ্ট চারজনের মধ্যে জনসংহতি সমিতির লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিশংকর চাকমার নাম জানা গেছে। তাঁর একজন আত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তি পাওয়া ব্যক্তিরা গতকাল খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ছিলেন। আজ মঙ্গলবার তাঁরা দীঘিনালার একটি বৌদ্ধবিহারে শ্রমণত্ব গ্রহণ করবেন।
জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ১১ অপহূত ব্যক্তির মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।