একটি অপহরণ মামলায় দ্বিতীয় দফায় জামিন নিতে এসে গতকাল মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির উপজেলা সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমাসহ সংগঠনের চার নেতা গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার অপর তিন নেতা হলেন জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা সভাপতি প্রভাত কুমার চাকমা, সহসাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা এবং সমিতির সদস্য ও ইউপি সদস্য অজয় চাকমা।
সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, অপহরণ মামলাটি মিথ্যা ও বানোয়াট। তাঁরা যদি সত্যি অপরাধী হতেন, তাহলে এভাবে আদালতে আসতেন না। তিনি সমিতির পক্ষ থেকে গ্রেপ্তার চারজনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক সেনাসদস্য মুকুল কান্তি চাকমা ও রিপন চাকমা অপহরণ মামলায় দ্বিতীয় দফা জামিন আবেদন খারিজ হওয়ায় তাঁদের রাঙামাটি জজ আদালত প্রাঙ্গণ থেকে গতকাল দুপুর ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর পাঁচ আসামি পলাতক রয়েছেন।
গত ৩০ মে বিকেল পাঁচটার দিকে বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকা থেকে মুকুল কান্তি চাকমা ও রিপন চাকমা অপহৃত হন। পরে মুকুল কান্তির মেয়ে নমিসা চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির ওই চার নেতাসহ নয়জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা করেন। গ্রেপ্তার চারজনের উচ্চ আদালত থেকে নেওয়া প্রথম দফা জামিনের মেয়াদ গত সোমবার শেষ হয়।
রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, আসামিরা এত দিন জামিনে ছিলেন। গতকাল রাঙামাটি জজ আদালতে এসে দ্বিতীয় দফা জামিনের জন্য আবেদন জানান। কিন্তু আদালত জামিন আবেদন নাকচ করেছেন।