জনসংহতি সমিতির নিহত ২৮৬ জনের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সাল থেকে সশস্ত্র ও নিয়মতান্ত্রিক আন্দোলনে নিহত ২৮৬ জনের তালিকা প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস)। সংগঠনের প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার বান্দরবান শহরের উজানিপাড়ায় ত্রিপুরা কল্যাণ সংসদে আলোচনা সভায় এ তালিকা প্রকাশ করা হয়।জুম্ম জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ ও দেশের জাতীয় সংহতি সুদৃঢ়করণের আন্দোলন-সংগ্রামে অবদান রাখায় নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে আখ্যায়িত করেছে জেএসএস। নিহত ব্যক্তিদের তালিকাকে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্যচুক্তির আগে ও পরে দুই ভাগে ভাগ করা হয়েছে। ১৯৭২ সালে জেএসএস গঠন ও ১৯৭৫ সালে জেএসএসের সশস্ত্র শাখা শান্তিবাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর সশস্ত্র সংঘাত শুরু হয়। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত এ সংঘাতে শান্তিবাহিনীর বিভিন্ন পর্যায়ের ১৯৩ জন সশস্ত্র সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়া ছাড়াও এই তালিকায় আছেন দলের অন্তর্বিভেদে নিহত ব্যক্তিরাও। এ সময়ের মধ্যে অর্থাৎ ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গহিন জঙ্গলে সংগঠনের অন্তর্বিভেদের জের ধরে এমএন লারমাকেও হত্যা করে। রাজপথেও নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে কল্পনা চাকমা, ভরদাশ মণি চাকমাসহ ১২ জন নিহত হয়েছিলেন। এ ছাড়া ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্যচুক্তির পর থেকে বর্তমান সময় পর্যন্ত আন্দোলন-সংগ্রামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র ক্যাডারদের হাতে জেএসএসের বিভিন্ন স্তরের ৭৫ জন নেতা-কর্মী নিহত হন বলে সংগঠনটি দাবি করেছে। আর নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন ছয়জন। এ সময় নিহত ব্যক্তিরা সবাই পার্বত্যচুক্তি বাস্তবায়নসহ এ অঞ্চলের সমস্যা সমাধানের দাবিতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছিলেন বলে জেএসএস নেতারা জানিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি এমএন লারমা পার্বত্য চট্টগ্রামের আদবাসীদের আত্মপরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি ও আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য জেএসএস গঠন করেন। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সশস্ত্র আন্দোলনের পর সরকারের সঙ্গে জেএসএসের চুক্তি হয় ১৯৯৭ সালে।