৪০ বছর পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ঊষাতন তালুকদার আওয়ামী লীগের প্রার্থী পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে ১৮ হাজার ৮৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ঊষাতন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি। এর আগে ১৯৭৩ সালের নির্বাচনে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ঊষাতন তালুকদার ভোট পেয়েছেন ৯৬ হাজার ২৩৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার পেয়েছেন ৭৭ হাজার ৩৮৫ ভোট।
নির্বাচনে বিজয়ী ঘোষণার পর স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ঊষাতন তালুকদার বলেন, ‘এ বিজয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পাহাড়ি-বাঙালির ঐক্যের বিজয়। জেলার শান্তিকামী, পরিবর্তনকামী, গণতান্ত্রিক, অসামপ্রদায়িক—সর্বোপরি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পক্ষের গণমানুষের জয়।’ তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং পার্বত্য অঞ্চলের গণমানুষের সুষম উন্নয়ন নিশ্চিত করতে পাহাড়ি-বাঙালি সর্বস্তরের মানুষের অধিকতর ঐক্য ও সংহতি অব্যাহত রাখার আহ্বান জানান।