জনসংহতি সমিতির সমর্থককে অপহরণের তিন দিন পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংহতি সমিতির এক সমর্থককে অপহরণের তিন দিন পর গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রাঙামাটির লংগদু উপজেলার শিলছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সমিতির একটি অংশের বিক্ষুব্ধ কর্মীরা এ হত্যাকাণ্ড ঘটায়।নিহত ব্যক্তির নাম সূর্যচন্দ্র চাকমা (২৪), বাড়ি উপজেলার তিনটিলা গ্রামে। তিনি উপজেলা সদর থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতেন। গত বুধবার তাঁকে ওই সড়ক থেকে অপহরণ করা হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তাঁকে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের শিলছড়ি গ্রামে নিয়ে গুলি করে হত্যা করা হয়। গুলির শব্দ শুনে সেখানে গিয়ে গ্রামের লোকজন সূর্যচন্দ্রের লাশ দেখতে পায়। পরে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সহসম্পাদক সজীব চাকমা গতকাল শনিবার প্রথম আলোকে জানান, সূর্যচন্দ্র চাকমা তাঁদের দলের সমর্থক। জনসংহতি সমিতি (এম এন লারমা) নামে পরিচিত সমিতির অন্য অংশের সশস্ত্র সদস্যরা তাঁকে অপহরণ করে।এ অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির (এম এন লারমা) রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা বলেন, সূর্যচন্দ্রকে অপহরণের ঘটনার সঙ্গে তাঁদের কোনো সদস্য জড়িত নয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, ময়নাতদন্তের জন্য সূর্যচন্দ্রের লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।