জনসংহতি সমিতির সমাবেশে ইউপিডিএফ নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমলেন্দু বিকাশ চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) নিষিদ্ধ ঘোষণা এবং পার্বত্য চুক্তির বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গতকাল মঙ্গলবার সকালে অমলেন্দু বিকাশ চাকমার হত্যার প্রতিবাদে রাঙামাটি শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপিও দেওয়া হয়। গত সোমবার বিকেল পাঁচটার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নে সাবেক শান্তিবাহিনীর সদস্য অমলেন্দু বিকাশ চাকমাকে (৬৫) মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার জন্য জনসংহতি সমিতি ইউপিডিএফ ও জনসংহতি সমিতিকে (এম এন লারমা) দায়ী করে। তবে এ দুটি সংগঠন অভিযোগ অস্বীকার করেছে। বেলা ১১টায় রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বনরূপা ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ গেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে জনসংহতির জেলা সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন: জনসংহতি সমিতির স্টাফ সদস্য ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি উদয়ন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নিশি দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ধীরাশ চাকমা। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আক্তার হোসেন জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে মামলা করা হবে বলে জানানো হয়েছে। তবে কেউ মামলা করতে আসেননি।