জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের সংগ্রাম জোরদারের আহ্বানে রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এ ছাড়া শোভাযাত্রা ও গণসংগীত পরিবেশনের কর্মসূচি থাকছে।পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের রাজনৈতিক, ভূমি ও সাংস্কৃতিক অধিকারসহ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালে সাবেক সাংসদ প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৫ সালে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জনসংহতি সমিতির নেতা-কর্মীরা আত্মগোপনে যান এবং দাবি আদায়ে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন। পরে পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ১৯৮৫ সালে তত্কালীন সরকারের সঙ্গে জনসংহতি সমিতির সংলাপ শুরু হয়। তবে ১৯৮৯ সালে সংলাপ ভেঙে যায়। ১৯৯০ গণ-অভ্যুত্থানের পর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে আবার সংলাপ শুরু হয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়।