জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা ছাড়া জুম্ম জাতির অস্তিত্ব রক্ষা হবে না। গতকাল শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বারবার উচ্চারিত হয়েছে এ বক্তব্য। দুপুর ১২টায় রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা গণসমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল রেখে অতীতের কোনো সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেনি, বর্তমানেও পারছে না। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি লিখিত বিবৃতি পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা। সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, বর্তমান মহাজোট সরকারের বড় দুর্বলতা পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করা। এ চুক্তি বাস্তবায়ন না করলে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হবে।আরও বক্তব্য দেন গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায়, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক রাজীব মীর, এম এন লারমা ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমাসহ পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশনের নেতারা।